যেভাবে লাইমলাইটে এলেন তামিম
নিজস্ব প্রতিবেদক : শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশি অভিযানে নিহত পুরস্কার ঘোষিত জঙ্গি তামিম চৌধুরীর বিষয়টি গত জুনেই প্রথম আন্তর্জাতিক মাধ্যমে আসে। পরে গুলশান হামলার পর তামিম সম্পর্কে বাংলাদেশী গোয়েন্দা নানা তথ্য পান।গত ১১ জুন বিবার্তায় ‘বাংলাদেশ আইএসের নেতৃত্বে কানাডার তামিম’! শিরোনামের এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি হুবহু এখানে তুলে ধরা হলো-

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বাংলাদেশ শাখার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত কানাডার উইন্ডসরের এক বাসিন্দা। এমনটিই জানিয়েছেন ডালহৌসি বিশ্ববিদ্যালয়ের রেজিলিয়েন্স রিসার্চ সেন্টারের পোস্ট-ডক্টরাল ফেলো ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ অমরনাথ অমরাসিংগাম। কানাডার ‘দ্যা স্টার ডট কম’র ‘উইন্ডসর ম্যান ইজ রিপোর্টেডলি লিডিং দায়েশ ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সেখানে বলা হয়েছে, কানাডার নাগরিক ওই ব্যক্তির নাম তামিম চৌধুরী। পরবর্তীতে তার নাম পরিবর্তন করে রাখ হয় শেখ আবু ইব্রাহিম আল-হানিফ। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সাথে সংযুক্ত বাংলাদেশের একটি জঙ্গি গ্রপের নেতৃত্ব দিচ্ছেন।
অমরাসিংগাম তার ইমেইলে বলেন, তামিম চৌধুরী নিঃসন্দেহে উইন্ডসরের। আমি শহরটিতে বেশ কয়েকজনের সাথে তার ব্যাপারে কথা বলেছিলাম, তারা তাকে চিনতে পেরেছে। কিন্তু তিনি তত বেশি পরিচিতও নন।
উইন্ডসর ইসলামিক অ্যাসোসিয়েশন (ডব্লিউআইএস) জানায়, আইএসের বাংলাদেশ শাখায় তামিম নেতৃত্ব দিচ্ছেন এ বিষয়টি নিশ্চিত নন তারা। ডব্লিউআইএ’র মুখপাত্র লিনা চাকার বলেন, আমরা এটি নিশ্চিত যে তামিম চৌধুরি উইন্ডসরের বাসিন্দা। তবে তিনি যে জঙ্গি সংগঠনের সাথে জড়িত সে ব্যাপারে নিশ্চিত নই।
প্রায় এক বছর ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে মুক্তমনা লেখক, অধ্যাপক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মীয় নেতা, ভিন্ন মতাবলম্বী মুসলমান হত্যাকাণ্ড ঘটছে। এসব হত্যাকাণ্ড ও হামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস ও অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠন দায় স্বীকার করে আসছে। তবে বাংলাদেশ সরকার সবসময়ই আইএসের উপস্থিতিকে নাকচ করে আসছে। ঠিক সে সময়েই এই প্রতিবেদন প্রকাশ করা হলো।
সম্প্রতি আইএসের ইংরেজি প্রোপাগান্ডা ম্যাগাজিন দাকিবে এক সাক্ষাতকারে তামিম চৌধুরী বাংলাদেশ মিশন সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেন। সেখানে তিনি বলেন, কৌশলগতভাবে আইএসের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশে শক্তিশালী জিহাদি গ্রুপ গড়ে তুলতে পারলে একইসাথে দুইদিক দিয়ে খুব সহজে ভারতে গেরিলা হামলা চালানো যাবে। যদিও তামিম সবসময় তার সাক্ষাতকারে বাংলাদেশে তার গ্রুপের শক্তি সম্পর্কে কথা বলেন, তবে এদিন তিনি ‘সদস্য স্বল্পতা’ এবং ‘সামরিক শক্তির অভাব’র কথা উল্লেখ করেন।
আট পৃষ্ঠার এই সাক্ষাতকারের কোথাও কানাডার কথা উল্লেখ করা হয়নি। তামিমের আইএসের সক্রিয়তার খবরে উইন্ডসরের অনেকেই মর্মাহত হয়েছেন। অমরাসিংগাম বলেন, তার একজন বন্ধু তামিম সম্পর্কে বলেন, তামিম খুব ভালো এবং লাজুক প্রকৃতির। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তামিম জঙ্গি গ্রুপে কাজ করছে।
তবে তামিমই আইএসে যোগদানকারী প্রথম কানাডিয়ান নন। কয়েক বছর ধরেই অনেক কানাডিয়ান আইএস এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলোতে কাজ করে আসছে। তাদের মধ্যে দামিয়ান ক্লেয়ারমেন্ট অন্যতম। ক্যালগারির বাসিন্দা দামিয়ান সিরিয়ায় আল-কায়েদার সাথে সংযুক্ত আইএসের বিদ্রোহী গ্রুপ নুসরা ফ্রন্টের হয়ে কাজ করছেন। ২০১৪ সালে তিনি সিরিয়ায় মারা যান।











