রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়: হানিফ
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়ার আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। হাওয়া ভবনে বঙ্গবন্ধুর খুনি, পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী এবং জামায়াত নেতাদের সঙ্গে বসে গ্রেনেড হামলার পরিকল্পনা করা হয়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বিটিসিএল ভবনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক ইউনিয়ন (সিবিএ) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, হাওয়া ভবনে মুফতি হান্নান, বঙ্গবন্ধুর খুনি মেজর নূর, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, পাকিস্তানের শীর্ষ সন্ত্রাসী মজিদ ভাটদের নিয়ে বিএনপি নেতারা এই হামলার পরিকল্পনা করেছিলেন। সরকারিভাবে গ্রেনেড সরবরাহ করা হয়েছিল। গভর্নমেন্ট প্রোটেকশনে এ হামলা হয়েছিল।
২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত ছিলেন উল্লেখ করে হানিফ আরও বলেন, শুধু তারেক রহমান নন, ওই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুও ওই হামলায় জড়িত ছিলেন। বোমা হামলায় অংশগ্রহণকারীদের স্বীকারোক্তিতেই এসব তথ্য বেরিয়ে এসেছে।
তবে তারেকের জড়িত থাকার অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাকচ করা প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির আমলে ২০০৪ সালে ওই গ্রেনেড হামলা হয়েছিল। আপনি (মির্জা ফখরুল) ওই সময় সরকারের মন্ত্রী ছিলেন। আপনি যদি মনে করেন, তারেক রহমান জড়িত ছিলেন না, তাহলে নিশ্চয় জানেন কারা জড়িত। নামের তালিকাগুলো দিন, তদন্ত করা হোক। ২১ আগস্টের হামলা তো আর জজ মিয়া করেনি। তিনি তো শেখ হাসিনার প্রতিপক্ষ ছিলেন না যে তাকে হত্যা করলে জজ মিয়া প্রধানমন্ত্রী হয়ে যাবেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেব, জানি আপনার অনেক কষ্ট। কারণ, আপনি এমন একটি দল করেন, যার প্রতিষ্ঠাতা হত্যার অভিযোগে অভিযুক্ত। বর্তমান চেয়ারপারসনও হত্যার অভিযোগে অভিযুক্ত। আর ভবিষ্যতে যাকে আপনারা নেতা হিসেবে চিন্তা করছেন, সেই তারেক রহমানও হত্যার অভিযোগে অভিযুক্ত। আহ! কী রাজনৈতিক দল। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই দল থেকে আপনাদের পদত্যাগ করা উচিত।
গ্রেনেড হামলা মামলার বিচার দ্রুত শেষ হবে উল্লেখ করে হানিফ বলেন, এই হামলার বিচার হচ্ছে, শিগগিরই রায় হবে। আশা করি, বিএনপির অভিযুক্ত নেতাদের বিচার হবে।
বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।











