মোবাইল গ্রাহকদের অভিযোগ শুনবে বিটিআরসি
নিজস্ব প্রতিবেদক : সেবার মান নিয়ে মোবাইল ফোন গ্রাহকদের অসন্তুষ্টির প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহকদের অভিযোগ সরাসরি জানার জন্য গণশুনানির ব্যবস্থা করছে। এক বৈঠকে বিটিআরসি এই সিদ্ধান্ত গ্রহণ করে। বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ জানান, এক মাসের মধ্যে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সেবার মান একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা গণশুনানির সিদ্ধান্ত নিয়েছি।’
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘আমি নিজে তৃণমূল থেকে এসেছি। তাই আমি তৃণমূলের লোকদের সঙ্গে যোগাযোগ করতে চাই।’ শুনানিতে অংশগ্রহণকারীর সংখ্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বহু লোকের কথা শোনার বিষয়টি বিবেচনা করছি।
এর আগে বিটিআরসি বিভিন্ন ইস্যুতে গণশুনানির আয়োজন করেছে। কিন্তু সেখানে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সীমিত। তাতে অধিকাংশ আসনই মোবাইল ফোন কোম্পানিগুলোর প্রতিনিধিদের দখলে থাকত।
দায়িত্ব গ্রহণের পরপরই ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ বিষয়টির ওপর গুরুত্ব দেন। তিনি প্রতিটি ড্রপ-কল মিনিটের জন্য জরিমানার উদ্যোগ নেন এবং এ ব্যাপারে অপারেটরদের নির্দেশনা দেন।
এছাড়া, সেবার মান সংক্রান্ত একটি গাইড লাইন প্রণয়নের জন্যও বিটিআরসি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু দেশের মোবাইল ফোন অপারেটররা গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হয়।











