১২ বছর পর বিএনপির ঘুম ভেঙেছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার বিষয়ে ১২ বছর পর বিএনপির ঘুম ভেঙেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড এবং তার খুনিদের বিচারের বিষয়ে ৪২ বছরেও তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি জাতি।

‘২১ আগস্টের গ্রেনেড হামলা ন্যাক্কারজনক ঘটনা’ বিএনপির মহাসচিব মির্জা ফজরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিকেলে এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এ আলোচনা সভার আয়োজন করে।
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মোহাম্মদ নাসিম বলেন, ইসলাম শান্তির ধর্ম। অথচ এই ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে বিপদগামী করা হয়েছে। তাদের আশ্বাস দেয়া হয়েছে বেহেস্তের হুর-পরি পাওয়ার। কোনো সভ্য দেশে এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। এসব বিপদগামীদের ফিরিয়ে আনতে হবে।
খালেদা জিয়া সন্ত্রাস-জঙ্গিবাদে মদদ দিচ্ছেন অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর খুনি মোশতাক কিলারদের সূর্য সন্তান বলেছিলেন। আর গুলশানে সন্ত্রাসী হামলা কঠোর হাতে দমনের ঘটনাকে বিএনপি নেত্রী খালেদা জিয়া রক্তাক্ত অভ্যুত্থান বলেছেন। এ থেকেই জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে তার অবস্থান কী?
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তান হাতের কাছে পেয়েও হত্যার সাহস পায়নি। অথচ এদেশের কয়েকজন বিশ্বাস ঘাতক তাকে হত্যা করে। আর এ হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেজন্য খুনি মোশতাক ইমডেমনিটি অধ্যাদেশ জারি করে। আর দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান, এইচএম এরশাদ ও খালেদা জিয়া এই কালো আইন ধারন করেন।
শোক দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ও স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ।











