মধ্যপাড়া নয় পদ্মা সেতুর পাথর আসছে বিদেশ থেকে
বাংলাদেশের ইতিহাসে নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প হিসেবে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে প্রকল্পের কাজ। কিন্তু কথা উঠেছে সেতু নির্মাণের পাথর কেনা নিয়ে।
দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবেও একে বিবেচনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের কিছু স্থান এবং কিছু খাতকে লাভজনক করারও পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু কাছের কিছু মানুষকে সুবিধা পাইয়ে দিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
সরকারের সিদ্ধান্ত ছিল, দেশীয় অর্থায়নে নির্মিত বৃহৎ এই সেতু নির্মাণে নিজ দেশের পাথর ব্যবহার করা। এর মাধ্যমে টানা ১০ বছর ধরে লোকসান করে আসা দেশের একমাত্র পাথর খনিকে লাভজনক করারও পরিকল্পনা ছিল সরকারের। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেহেতু সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তাই যতদূর সম্ভব আমদানি ব্যয় কমিয়ে সেতু নির্মাণ ব্যয় কম রাখা হবে। কিন্তু একটি সিদ্ধান্তের মাধ্যমে দুটো পরিকল্পনার জলাঞ্জলি দেয়া হয়েছে।
গত বছরের শুরুর দিকে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, পদ্মা সেতুর জন্য দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে পাথর কিনবে। প্রাথমিকভাবে ৬০ হাজার টন পাথর কেনার সিদ্ধান্ত হয় তখন। খনির পাথরের মান যাচাই করে নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত নেয় সরকার। এক্ষেত্রে পরিকল্পনা ছিল, এতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে দেশের একমাত্র এই পাথর খনি। অন্যদিকে, আমদানি না করে পদ্মা সেতুর নির্মাণে দেশের খনি থেকেই পাথর সংগ্রহ করায় সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।
প্রসঙ্গত, বাংলাদেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি। ২০০৫ সালে এ খনি থেকে উৎপাদন শুরু হয়। ভালমানের পাথর হলেও বিক্রি আশানুরুপ না হওয়ায় প্রায় ২০০ কোটি টাকা লোকসান হয় এ খনিতে।
পদ্মা সেতুতে ঘিরে সরকারের ওই সিদ্ধান্তে লোকসানি এই খনিতে লাভের সম্ভাবনা সৃষ্টি হয়। গত বছরের এপ্রিলে গুণগত মান পরীক্ষার পর এ খনি থেকে পদ্মা সেতুর জন্য পাথর কেনার সিদ্ধান্ত নেয় সরকার। পদ্মা বহুমুখী সেতু নির্মাণে প্রয়োজন হবে ৭০ লাখ মেট্রিক টন পাথর। ২৫ থেকে ৩০ শতাংশ পাথর এ খনি থেকে কেনা হবে বলে জানায় পদ্মা সেতু কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে ৬০ হাজার টন পাথরের সরবরাহ চায় তারা।
কিন্তু সরকারের ঘনিষ্ট বিশেষ কাউকে সুবিধা পাইয়ে দিতে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এখন বেশি খরচে পাথর আমদানি করা হচ্ছে মিয়ানমার থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে পদ্মা সেতু নির্মাণের জন্য মিয়ানমার থেকে পাথর আমদানি শুরু হয়েছে। টেকনাফ স্থল বন্দর দিয়ে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের মাধ্যমে আনা হচ্ছে এসব বোল্ডার পাথর। ইতিমধ্যেই ১১০ মেট্রিক টন বোল্ডার পাথর টেকনাফ স্থল বন্দর হয়ে খালাস হয়েছে। টেকনাফ স্থল বন্দর দিয়ে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের মাধ্যমে মিয়ানমার থেকে পাথর আমদানির দায়িত্ব পালন করছেন ঢাকার ‘পথমার্ক ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড’ নামক একটি ফার্ম। এটি বর্তমান সরকারের নীতি-নির্ধারনী পর্যায়ের একজন কর্মকর্তার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মিয়ানমার থেকে পাথর আমদানি সাময়িক বন্ধ রয়েছে। তবে এরই মধ্যে চুক্তি হয়েছে পর্যায়ক্রমে ৪ লাখের বেশি মেট্রিক টন বোল্ডার পাথর আমদানি করা হবে। প্রতিষ্ঠানটির সাথে দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে মিয়ানমারের আরকান রাজ্য থেকে বোল্ডার পাথর সংগ্রহ করা হচ্ছে। জানা গেছে, এরই মধ্যে সরকারের সঙ্গে শুধুমাত্র পাথর কেনার চুক্তি করেই দমদমিয়া, টেকনাফসহ একাধিক স্থানে প্রতিষ্ঠানটি জমি কেনা শুরু করেছে। এরই মধ্যে কয়েকটি জমি কেনাও হয়েছে। পথমার্ক ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের সঙ্গে আরো যোগ হয়েছে- এমআরএম এসোসিয়েটস লিমিটেড, ওয়াটার ওয়াচ শিপিং এজেন্টস লিমিটেড ও মেসার্স আফরা ফিশিং এন্ড ট্রেডিং।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মীর্জা আজিজুল ইসলাম বলেন, দেশে প্রথমবারের মতো একটি বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। অভিজ্ঞতার ব্যাপার রয়েছে, সক্ষমতার প্রশ্নটি বারবার সামনে আসে। সেসব বিষয় চিন্তা করে সেতুর জন্য হয়তো পাথর আমদানির সিদ্ধান্ত হতে পারে। তবে, কাউকে সুবিধা পাইয়ে দিতে অন্তত এ ধরনের একটি প্রকল্পে পরিকল্পনা করা উচিত নয়। কারণ এর সঙ্গে শুরুর থেকেই দেশের ইমেজ জড়িয়ে আছে।
অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ বলেন, বর্তমানে যে কোনো দেশের অর্থনীতিকে অনেক বেশি প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকে থাকতে হয়। অর্থনীতির মূল শক্ত করতে দেশীয় সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিকে লাভজনক করা এই মূহুর্তে অনেক বেশি প্রয়োজন। সেক্ষেত্রে পদ্মা সেতু হতে পারতো সবচেয়ে মোক্ষম মাধ্যম।











