বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাসপোর্ট অধিদফতরে আয়-ব্যয় হিসাবে গড়মিল

Pasportনিজস্ব প্রতিবেদক : বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মোটা অংকের রাজস্বের হদিস মিলছে না। ফলে অধিদফতরের পক্ষ থেকে সরকারকে বার্ষিক পূর্ণাঙ্গ হিসাব দিতে পারছে না। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনের ৬২টি কার্যালয় থেকে সরবরাহ করা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও যন্ত্রে পাঠযোগ্য ভিসা (এমআরভি) ফি থেকে আদায় করা অর্থ নিয়েই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিপুল অঙ্কেও ওই টাকা কোথায় তাই প্রশ্ন। ধারণা করা হচ্ছে- দূতাবাসগুলো ফি বাবদ আদায় করা অর্থ আলাদা ব্যাংক হিসাবে না রেখে পরিকল্পিতভাবেই দূতাবাসের অন্যান্য উৎসের আয়ের সাথে মিশ্র হিসাবে ওই টাকা রেখে নয়ছয় করা হয়েছে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের ২ হাজার ২শ কোটি টাকার খোঁজ মিলছে না। ওই টাকা সরকারের রাজস্ব খাতে জমা হয়েছে কিনা তাও জানে না অধিদফতর। চলতি বছর প্রথমবারের মতো অধিদফতওে পক্ষে সেবা সপ্তাহ পালনের সময় বিগত কয়েক বছরের আয়-ব্যয়ের হিসাব মেলাতে গিয়েই দূতাবাস থেকে ফি হিসেবে আদায় হওয়া রাজস্ব সরকারি কোষাগাওে জমা না হওয়ার বিষয়টি ধরা পড়ে। ফলে বাধ্য হয়েই তখন প্রধানমন্ত্রীর দফতরকে পাসপোর্ট অধিদফতরের আয়-ব্যয়ের একটি আনুমানিক হিসাব দেয়া হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিস্তারিত জানিয়ে দুই হাজার ২০০ কোটি টাকার হিসাব চাওয়া হয়। কিন্তু কয়েক দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিসাব চেয়ে চিঠি দেয়া হলেও এখন পর্যন্ত ওই টাকা পাওয়া যায়নি।

সূত্র জানায়, বিশ্বেও বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও মিশন থেকে ২০১০ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত অন্তত ২৫ লাখ এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) ও ৫ লাখ এমআরভি (মেশিন রিডেবল ভিসা) বিতরণ করা হয়। তাতে অন্তত দুই হাজার ২০০ কোটি টাকা ফি বাবদ আদায় হলেও পাসপোর্ট অধিদফতরে কোনো টাকা জমা হয়নি। বরং টাকার হিসাব চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। কিন্তু তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। ফলে বিপুল অঙ্কের ওই টাকার হদিস মিলছে না। একই সাথে ওই টাকার হিসাব না থাকায় অধিদফতর সরকারের কাছে তাদের বার্ষিক আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব দিতে পারছে না। অথচ বেশিরভাগ মিশন ও দূতাবাসে এমআরপির সাধারণ ফি ১০০ ডলার এবং জরুরি ফি ২০০ ডলার।

তবে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, মরিশাস, লিবিয়া, সাইপ্রাস, ইরান, ইরাক, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় কর্মরত সাধারণ শ্রমিকদের জন্য সাধারণ ফি ৩০ ডলার এবং জরুরি ফি ১০০ ডলার। ২০১০ সালে এমআরপি বিতরণ শুরুর পর থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২৫ লাখ ২ হাজার ২৫৪টি এমআরপি বিতরণ করা হয়েছে। এমআরপি বিতরণ শুরুর পর থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশন থেকে দুই লাখ ৮৮ হাজার ৭০৭টি, দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস থেকে চার লাখ ২৩ হাজার ৭৭৬টি, অস্ট্রেলিয়া মিশন থেকে ১০ হাজার ৫৪৭টি, বাহারাইন মিশন থেকে ৮৪ হাজার ৭৩৪টি, ব্রুনাই থেকে ৮ হাজার ৪৩৭টি, ইতালির রোমে বাংলাদেশ মিশন থেকে ৩৪ হাজার ৫৩০টি, মিলান মিশন থেকে ২৪ হাজার ১৪৫টি, কুয়েত থেকে দেড় লাখ, মালয়েশিয়া থেকে দুই লাখ ১০ হাজার ৫১৪টি, ওমান থেকে এক লাখ ৮৫ হাজার ৪৪টি, কাতার থেকে ৬৬ হাজার ৮৪৩টি, বাংলাদেশ মিশনের সৌদি আররের রিয়াদ অফিস থেকে চার লাখ ৯ হাজার ৯৬৮টি, জেদ্দা কনস্যুলার জেনারেল অফিস থেকে দুই লাখ ৪৫ হাজার ৮৭৫টি, সিঙ্গাপুর থেকে এক লাখ ৭ হাজার ৫৯টিসহ মোট ৬২টি মিশন থেকে পাঁচ বছরে ২৫ লাখ দুই হাজার ২৫৪টি আবেদনের বিপরীতে এমআরপি বিতরণ করা হয়।

সূত্র আরো জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অধিদফতরের একটি উচ্চপর্যায়ের দল মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট বিতরণ পদ্ধতি পরিদর্শনকালে দেখতে পায় পাসপোর্ট ও ভিসা ফি থেকে আদায় করা রাজস্ব পৃথক ব্যাংক হিসাবে না রেখে অন্যান্য খাত থেকে আদায় করা রাজস্বের সাথে একই হিসাবে জমা রাখা হচ্ছে। ফলে ওই খাতে কতো আদায় হলো ও কতো ব্যয় হলো তার কোনো হিসাবই থাকছে না। এর ফলে উদ্ভুত পরিস্থিতিতে পাসপোর্ট অধিদফতরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) একটি চিঠি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়। তাতে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো থেকে এমআরপি ও এমআরভির ফি বাবদ আদায় হওয়া রাজস্বের পরিমাণ কতো তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানতে অনুরোধ করা হয়।

পাশাপাশি ওসব রাজস্ব সম্পূর্ণ পৃথক একটি ব্যাংক হিসাবে রাখার জন্যও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বলা হয়। তার আগে মার্চ মাসে আরেক চিঠিতে দূতাবাসগুলোতে পাসপোর্টের ফি বাবদ রাজস্ব সরকারের কোষাগারে জমা হচ্ছে কিনা তা যাচাই করতেও অনুরোধ করা হয়। একই মাসে পাসপোর্ট অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরো একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়- বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে পাসপোর্ট ও ভিসা প্রদান সংক্রান্ত রাজস্ব আদায়ের কোনো পূর্ণাঙ্গ তথ্য পাসপোর্ট অধিদফতরের কাছে নেই। এই বিষয়ে বারবার মিশনগুলোকে চিঠি দেয়া হলেও তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ওই জন্য পাসপোর্ট ও ভিসা খাতে সরকারের অর্জিত রাজস্ব আয়ের সঠিক তথ্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যাচ্ছে না।

এদিকে এ প্রসঙ্গে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান জানান, ‘চাহিদা অনুযায়ী পাসপোর্ট ছেপে তা দূতাবাসগুলোয় পাঠানো হয়। এর সব খরচ অধিদফতরের হিসাব থেকেই বহন করা হয়। তবে দূতাবাসগুলো থেকে সরবরাহ করা পাসপোর্টের বিপরীতে আদায় করা অর্থ অধিদফতরের হিসাবে জমা হয়নি। বিষয়টি জানতে একাধিকবার চিঠি দেয়া হয়েছে।

অন্যদিকে একই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, ওই ধরনের চিঠি আমার চোখে পড়েনি। চিঠি পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি মন্ত্রণালয়ের হিসাব শাখা তদারকি করে। তারাই ভালো বলতে পারবে। তবে এসব রাজস্ব অবশ্যই সরকারের কোষাগারে জমা হচ্ছে। এটি একটি নিয়মিত প্রক্রিয়া।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ‘বিদেশে পাসপোর্ট ও ভিসা ফি বাবদ আদায় হওয়া রাজস্বের কয়েক কোটি টাকা পাসপোর্ট অধিদফতরের ব্যাংক হিসাবে আনার জন্য চেষ্টা চলছে। ওই জন্য তথ্য-উপাত্তসহ অধিদফতরের কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিপুল অঙ্কের ওই রাজস্বের হিসাব পেতে দুই মন্ত্রণালয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।অা/সং

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ