বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারপরও পানগাঁও সাড়া জাগাতে পারছে না

 
নিজস্ব প্রতিবেদক : নানা যৌক্তিক কারণে রাজধানীর পাশে পানগাঁও কন্টেইনার টার্মিনাল গড়ে তোলা হলেও এটি প্রত্যাশা পূরণ করতে পারছে না। কারণ পৌঁনে দুইশ’ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ ও পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে জাহাজ কেনা হলেও চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে কন্টেইনার পরিবহনে কোনো গতি আসেনি।

+
লক্ষ্যমাত্রা ছিল বছরে এক লাখ টিইউএস কন্টেইনার এই টার্মিনাল থেকে হ্যান্ডেল করা হবে। কিন্তু গত এক বছরে মাত্র ৪৮৩ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এতে সর্বসাকুল্যে বন্দরের আয় এক কোটি টাকাও হয়নি। চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে বন্দর কর্তৃপক্ষ জাহাজ পরিচালনার উদ্যোগ নেন। এতে সফল না হওয়ায় বেসরকারি অপারেটর নিয়োগ দেয়া হয়। তাদেরকেও যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে।

চট্টগ্রাম বন্দর দিয়ে বর্তমানে বছরে ২১ লাখ টিইইউএস-এর চেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। এর প্রায় ৭০ শতাংশ কন্টেইনার ঢাকা এবং আশপাশ অঞ্চলের। ঢাকা অঞ্চলের কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য বন্দর কর্তৃপক্ষ ও রেলওয়ে কর্তৃপক্ষ কমলাপুর আইসিডি নির্মাণ করে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কমলাপুর আইসিডি নির্মাণ করা হয়েছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশায় সেই উদ্দেশ্য বহুলাংশে ভেস্তে গেছে।

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ঢাকা অঞ্চলের যে পরিমাণ পণ্য হ্যান্ডলিং হয় বর্তমানে তার ৫০ শতাংশ ট্রাক এবং কাভার্ড ভ্যানের মাধ্যমে ও ৯ শতাংশ কন্টেইনার মুভার এবং ১১ শতাংশ কন্টেইনার রেলপথে কমলাপুর আইসিডির মাধ্যমে হ্যান্ডলিং হয়।

সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং শ্রীলংকা থেকে গড়ে তিন থেকে চার দিনের মধ্যে একটি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে পৌঁছলেও এখান থেকে সেটিকে ঢাকায় নিয়ে যেতে আমদানিকারকদের মাথার ঘাম পায়ে পড়ে। চট্টগ্রাম বন্দরে খালাসের পর সিরিয়াল পেয়ে একটি কন্টেইনার ঢাকায় পৌঁছাতে রেলে ১৫দিনও সময় লাগে। সড়ক পথে নিতে হলেও নানা ঝক্কি মোকাবেলা করতে হয়।

এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল দশার পাশাপাশি যানজটের জন্যও ঢাকামুখী ট্রাক ও কাভার্ডভ্যানকে দায়ী করা হয়। এ অবস্থার অবসানে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওতে বিআইডব্লিউটিএ’র ৩২ একর জায়গার উপর একটি কন্টেইনার টার্মিনাল স্থাপনের জন্য ১৯৯১ সালে জাইকা সমীক্ষা করে।

তখন চট্টগ্রাম-পানগাঁও রুটে ৭৫ মিটার দীর্ঘ, ১৩ দশমিক ৫ মিটার প্রস্থ ও ৪ মিটার ড্রাফটের জাহাজ পরিচালনার একটি রুট তৈরির সুপারিশ করা হয়। এরপর বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র এই জায়গাটিতে পানগাঁও টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১১৪ কোটি ১১ লাখ টাকা। ২০০৭ সালে দুই দফা চুক্তি সংশোধন করে ব্যয় দাঁড়ায় ১৭৭ কোটি ৫৭ লাখ টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে কন্টেইনার টার্মিনালটি নির্মাণ করে।

নৌপথে কম খরচে কন্টেইনার পরিবহন ত্বরান্বিত করতে সরকার চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে কন্টেইনার পরিবহনের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩২টি জাহাজ কেনার লাইসেন্স দেয়। কিন্তু বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জাহাজের জন্য লাইসেন্স নিলেও জাহাজ কেনা হয়নি। এতে ১৭৭ কোটি টাকা ব্যয়ে টার্মিনাল নির্মাণ করা হলেও জাহাজের অভাবে চালু করতে না পারায় বন্দর কর্তৃপক্ষ অনেকটা ফেঁসে যায়।

অবশেষে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিজস্ব তহবিল থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচ করে অভ্যন্তরীন নৌপথে কন্টেইনার পরিবহন উপযোগী জাহাজ ক্রয় করে। চীন থেকে আনা এমভি পানগাঁও এক্সপ্রেস এবং এমভি পানগাঁও সাকসেস নামের জাহাজ দুইটি দিয়ে কন্টেইনার পরিবহনের উদ্যোগ নেয়া হয়।

১৫ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও টার্মিনালে কন্টেইনার পৌঁছার সক্ষমতা নিয়ে জাহাজ দুটি যাত্রা শুরু করে। ২০১৩ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পানগাঁও টার্মিনাল উদ্বোধন করেন। কিন্তু গত প্রায় তিন বছরে এই কন্টেইনার টার্মিনাল প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বিদেশ থেকে কিনে আনা এমভি পানগাঁও এক্সপ্রেস, এমভি পানগাঁও সাকসেস ও এমভি পানগাঁও ভিশন জাহাজ তিনটি বন্দর কর্তৃপক্ষ চালাতে পারেনি। অথচ এই রুটটি পুরোদমে চালু করা গেলে দেশে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কম খরচের পাশাপাশি অত্যন্ত দ্রুততম সময়ে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পৌঁছবে ঢাকাসহ সন্নিহিত অঞ্চলে।

বিষয়টি মাথায় রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এমভি পানগাঁও এক্সপ্রেস, এমভি পানগাঁও সাকসেস ও এমভি পানগাঁও ভিশন জাহাজ তিনটি পরিচালনার জন্য গত বছরের ২ সেপ্টেম্বর সামিট এলায়েন্স পোর্টের সাথে চুক্তি করে। জাহাজ তিনটি বেয়ার বোট চার্টারিংয়ের মাধ্যমে পরিচালনার জন্য এই বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। সামিট পোর্ট নানা চেষ্টা করেও চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও রুটে কন্টেইনার পরিবহনে কোনো গতি আনতে পারেনি।

পরিস্থিতি প্রতিকূল দেখে পানগাঁও কন্টেইনার টার্মিনালের সাত ধরনের সেবায় ট্যারিফ হ্রাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে বার্থিং ও আনবার্থিং, হার্বার ক্রেন, ক্রেন চার্জ, কনটেনার লোডিং ও ডিসচার্জিং, স্টাফিং ও আনস্টাফিং এবং লিফট অফ-লিফট অন সেবার মূল্য ৭০ শতাংশ পর্যন্ত কমছে। তবে তিন বছরের জন্য ট্যারিফ কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

বার্থিং ও আনবার্থিং সেবার মূল্য বর্তমানে ১৫০০ থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হচ্ছে। হার্বার ক্রেন ব্যবহারের ভাড়া ২০ ফুটি পণ্যভর্তি এক কন্টেইনারের ৪৮০ টাকার পরিবর্তে ২৪০ টাকা এবং ২০ ফুটের বেশি পণ্যভর্তি কন্টেইনারের প্রতিটির জন্য ৭২০ টাকার পরিবর্তে ৩৬০ টাকা, ২০ ফুটি খালি কন্টেইনারে ক্রেন ব্যবহারে ২৪০ টাকার পরিবর্তে ১২০ টাকা ও ২০ ফুটের বেশি খালি কন্টেইনারে ক্রেন ব্যবহারে ৩৬০ টাকার পরিবর্তে ১৮০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ক্রেন চার্জের ক্ষেত্রে সেবামূল্য ২০ ফুটি পণ্যভর্তি কন্টেইনারের এক হাজার টাকার পরিবর্তে ৩০০ টাকা ও ২০ ফুটের বেশি পণ্যভর্তি প্রতি কন্টেইনারে ১৫০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ২০ ফুটি খালি কন্টেইনারের ক্ষেত্রে ভাড়া ৫০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা ও ২০ ফুটের বেশি কন্টেইনারের ক্ষেত্রে ৭৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কন্টেইনার লোডিং ও ডিসচার্জিংয়ের ক্ষেত্রে ২০ ফুট এফসিএল কন্টেইনার ১৫০০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা এবং ২০ ফুটের বেশি এফসিএল কন্টেইনার প্রতিটির জন্য ২ হাজার ২২৫ টাকার পরিবর্তে ৬৬৭ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। ২০ ফুটি এলসিএল কন্টেইনার ৪ হাজার ৪৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৩৩৫ টাকা এবং ২০ ফুটের বেশি এলসিএল কন্টেইনার ৬ হাজার ৭২০ টাকার পরিবর্তে ২ হাজার ১৬ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

আর ২০ ফুটি খালি কন্টেইনারের ক্ষেত্রে ৭৫০ টাকার পরিবর্তে ২২৫ টাকা এবং ২০ ফুটের বেশি কন্টেইনারের ক্ষেত্রে ১ হাজার ২২০ টাকার পরিবর্তে ৩৬৬ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। স্টাফিং ও আনস্টাফিং চার্জ ১ হাজার কেজিতে ৩০০ টাকার পরিবর্তে ১৫০ টাকা নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরও খবর

রামিসা হত্যা মামলার রায়ের দিন আজই নির্ধারণ হতে পারে

সীমান্ত ইস্যুতে নেপালে নতুন বিতর্ক

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফের তৎপরতা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি