সরকারের আশ্বাসে শঙ্কা কাটছে না কূটনীতিকদের
বাংলাদেশে অবস্থানকারী বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। সেই সঙ্গে যেসব বিদেশি কূটনীতিক বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে চান তাদের এ ব্যাপারে অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কূটনীতিক ও কূটনৈতিক মিশনের নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তাকর্মীদের অস্ত্র বহনের অনুমতি দেয়া নিয়ে দ্বিধা রয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারের পর্যাপ্ত নিরাপত্তার দেয়ার কথা বলা হলেও আশ্বস্ত হতে পারছেন না কূটনীতিকরা।
গুলশানে হলি আর্টিজান রে¯েঁÍারায় হামলার পর বিদেশীরা নিজেদের নিরাপদ ভাবছে না। জঙ্গিবাদ নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় শঙ্কা কাটছে না তাদের। চ্যানেল ২৪ এর সঙ্গে আলাপকালে সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রীসেল বলেন, ‘বাংলাদেশের কতগুলো এপার্টমেন্টে কি পরিমাণ জঙ্গি আছে, তারা কোথায় হামলার পরিকল্পনা করছে, কারো কাছে সে বিষয়ে সঠিক কোন তথ্য নেই। আর সেটাই আমাদেরকে অনিরাপদ করেছে। এমনকি আমাদের দূতাবাসে কাজ করে এমন অনেকেই তার পরিবারকে ইতিমধ্যেই দেশে ফেরত পাঠিয়েছে, আবার অনেকে চলে যাচ্ছে। বাসা, অফিস সবখানে আমরা বাড়তি নিরাপত্তা চেয়েছি’।
জুহান ফ্রীসেল বলেন, আমাদের উদ্বেগের কারণ জানিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে। তারা উদ্বেগের কারণগুলো উপলদ্ধি করে আমাদের নিরাপত্তা বাড়িয়েছে সেজন্য ধন্যবাদ। এখন তরুণদের সাথে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে বোঝাতে হবে জঙ্গিবাদ সম্পর্কে। জঙ্গিবাদ থামাতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চার্জ, মসজিদ সবখানে আলোচনা হওয়া উচিত। তারমতে জঙ্গিবাদ প্রতিরোধে একটি জোট হওয়া উচিত বিশ্বজুড়ে।
ইতোমধ্যেই সরকারের কাছে নিরাপত্তা চেয়ে টাস্কফোর্স যে ছয়টি সুপারিশ করেছিল তা বাস্তবায়ন করেছে সরকার। এসব সুপারিশের মধ্যে রয়েছে কূটনৈতিক জোনে নিরাপত্তা নিশ্চিত করা, বিদেশি ক্লাবে নিরাপত্তা দেয়া, বিদেশি প্রতিষ্ঠানের অফিসে নিরাপত্তা বাড়ানো, ঢাকার বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অফিসে নিরাপত্তা নিশ্চিত করা, বিমানবন্দরে চেক আউট ও চেক ইনের সময় বিদেশিদের নিরাপত্তা দেয়া ও ঢাকার বাইরে থাকা সব বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।
বাংলাদেশে পর পর দুটি জঙ্গি হামলার পর এ দেশে অবস্থানরত প্রায় সব বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা নিরাপত্তা জোরদারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে।
এ নিয়ে গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ জাতীয় টাস্কফোর্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে কূটনীতিকদের নিরাপত্তায় বেশ কিছু সুপারিশ করা হয়। এসবের মধ্যে অন্যতম হলো নিরাপত্তার প্রয়োজনে বর্তমান আইন ও বিধির কোনো সংশোধন প্রয়োজন হলে সেটা করা।
এ ছাড়া ওই দিন বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যুর সঙ্গেও আলোচনা করেন টাস্কফোর্স সদস্যরা। এ সময় পিয়েরে মায়াদ্যুকে নিরাপত্তা ব্যবস্থায় সরকারের বিভিন্ন পদেক্ষপ অবহিত করা হয়। এর আগে যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, ফ্রান্স তাদের কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি কর্মীদের অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে। তারা এ নিয়ে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে চলেছে। বর্তমান আইনে বেসরকারি নিরাপত্তারক্ষীদের অস্ত্র বহনের অনুমতি দেয়ার কোনো বিধান নেই। ফলে বিষয়টি আরো পর্যালোচনা করা হতে পারে।
সম্প্রতি কানাডা, জাপান, ইতালি ও নেদারল্যান্ডস তাদের দূতাবাসের জন্য বুলেটপ্রুফ ও বিস্ফোরক নিরোধক উন্নত প্রযুক্তিসমৃদ্ধ গাড়ি (আর্মার্ড কার) আমদানির অনুমতি চেয়েছে। জাপানের সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, তারা নিজ দেশের কূটনীতিকদের জন্য বুলেটপ্রুফ গাড়ি দেবে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে কিছু কিছু দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে পারেন। তার বাইরে অন্য দেশের কূটনীতিকরা চাইলেও বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে পারবেন।
রাজধানী গুলশানে জঙ্গি হামলার পরে ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশের ঢাকা মিশনের কিছু কর্মকর্তা ছুটি নিয়ে বাইরে গেছেন। তারা আর ঢাকায় ফিরবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ত্যাগ করারও অনুমতি দেয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদ্যু গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের বেশ কিছু সহকর্মী ইতোমধ্যেই তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছেন।
বাকিরা এখনো অপেক্ষা করছেন কী সিদ্ধান্ত আসে, সেটা দেখার জন্য। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর থেকে একজন নিরাপত্তা বিশেষজ্ঞ ঢাকায় এসেছেন। আগামী সপ্তাহের মধ্যেই তিনি নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন কার্যক্রম শেষ করবেন। ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রমের পর তাদের মিশনগুলো পরবর্তী ব্যবস্থা নেবে।
এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কয়েকটি রাষ্ট্র তাদের মিশন কর্মকর্তাদের পরিবারকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার সুযোগ দিয়েছে। অনেকে এ সুযোগটি কাজেও লাগাচ্ছেন। তবে গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে এক হাজার নাগরিক বিদেশে যান এবং দেড় থেকে দুই হাজার মানুষ বাংলাদেশে আসেন। প্রতিমন্ত্রীর মতে, গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশ থেকে মানুষ কম আসেন। আর ঈদের সময় আসার চেয়ে যাওয়ার সংখ্যা বেশি থাকে।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য দু’একটি গণমাধ্যম বলার চেষ্টা করেছে, বিদেশিরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন। তথ্যটি একেবারেই সত্য নয়। গ্রীষ্মকালীন ছুটির পর আগস্টের শেষে বা সেপ্টেম্বরের পরও যদি আসার সংখ্যাটা কম হয়, তবে আমরা বুঝতে পারবো, সন্ত্রাসী হামলাগুলোর কারণে অনেকে বাংলাদেশে আসা থেকে বিরত রয়েছেন কিনা।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল রুট-৬ বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট পরামর্শকসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্থল এবং বাসস্থানে পর্যাপ্ত নিরাপত্তা বিধানের ব্যবস্থা নেয়া হয়ছে। ইতোমধ্যে জাপানি নাগরিকদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিষয়টি তদারক করছে।
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকায় যে কমনওয়েলথ পার্লামেন্ট এ্যাসোসিয়েশনের সম্মেলন হওয়ার কথা ছিল তা হচ্ছে না। স্পিকার শিরীন শারমিন বলেন, ‘কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করায় আমরা বাংলাদেশে এ বছর সম্মেলন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
জুলাই মাসে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর অস্ট্রেলিয়া, বৃটিশ আইল্যান্ডস অ্যান্ড মেডিটেরিয়ান (বি আইএম), কানাডা, ক্যারিবিয়ান, আমেরিকা ও আটলান্টিক এই পাঁচটি অঞ্চলের বেশ কিছু দেশ বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে।
সম্প্রতি সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যাপক প্রভাব পড়ছে বাংলাদেশের পর্যটন শিল্পে। যেসব বিদেশিরা আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশে আসার জন্য বুকিং দিয়েছিল তারা তা বাতিল করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এতে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
গত রোববার মতিঝিল ফেডারেশন ভবনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকটি আয়োজন করেন হোটেল, গেস্টহাউস, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (তোয়াব)।
রাশেদ খান মেনন বলেন, ‘২০১৬ সালকে প্রধানমন্ত্রী পর্যটন বছর ঘোষণা করেছে। অনেকে অভিযোগ করছেন বিদেশিরা চলে যাচ্ছে। তা ঠিক নয়। ২০১৪ সালের তুলনায় ১৫’ সালে দেশে ১০ হাজার বিদেশি বেশি এসেছে। এ বছর আসা যাওয়া সমান রয়েছে। তবে আমি স্বীকার করছি আগামী ডিসেম্বর, জানুয়ারিতে যেসব বিদেশি আসার কথা ছিল তাদের বেশিরভাগই বুকিং বাতিল করেছে। এতে অর্থনীতিতে একটা প্রভাব পরবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং আগামী অক্টোবরে ঢাকা আসছেন। এই সফরের ভিত্তি রচনায় আগামী ২২ আগস্ট বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির বাণিজ্য প্রতিমন্ত্রী গোয়াও ইয়ান।
বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ থাকা ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম খুব শিগগিরই চালু হবে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক। ইতোমধ্যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে। বাকি স্কুলগুলো আগামী সপ্তাহের মধ্যে খুলতে পারে।
সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই বাংলাদেশ ছেড়েছেন বিতর্কিত উত্তর কোরীয় কূটনীতিক হান সন ইক। কূটনৈতিক সুবিধা অপব্যবহার করে অবৈধ কর্মকা-ের দায়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হান সন ইককে বহিষ্কারের কথা জানিয়ে গতকাল সোমবারের মধ্যে বাংলাদেশ ছাড়তে বলেছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত সোমবার সকালেই তিনি বাংলাদেশ ছেড়ে যান। এর আগে ২০১৪ সালে উত্তর কোরীয় আরেক কূটনীতিক অনিয়মে জড়িয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। জানা গেছে, বহিষ্কৃত হান সন ইক ঢাকায় উত্তর কোরীয় দূতাবাসে প্রথম সচিব ছিলেন। জাতিসংঘের এক প্রস্তাব অনুযায়ী, এর সদস্য দেশগুলো উত্তর কোরীয় সব কনটেইনার পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য।
আমাদের সময়.কম











