দুর্নীতি করে আর ঘরে থাকতে পারা যাবে না: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : : যারা দুর্নীতি করে তাদেরকে অবশ্যই অপমানিত ও বিব্রত করা হবে। দুর্নীতি করে এখন আর ঘরে বসে থাকা যাবে না। তাদেরকে অবশ্যই জেলে যেতে হবে- বলেছেন , দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির খসড়া কৌশলগত কর্মপরিকল্পনা-(২০১৬-২০২১) বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ আরো বলেন, যারা দুর্নীতি করছে তাদের এখন ঘরের বাইরে থাকতে হয় অথবা দেশের বাইরে থাকতে হয় অথবা জেলে থাকতে হয়। কমিশনের সক্ষমতা দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছি।’
দুর্নীতির ক্ষতিকারক প্রভাবের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতির কারনে আমাদের প্রবৃদ্ধির প্রায় ২ শতাংশ নষ্ট হচ্ছে। যদি আমরা দুর্নীতি দমন করতে পারি তাহলে আমাদের অর্থনীতির চাকা আরো সচল হবে।’
মতবিনিময় সভায় কমিশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন- কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ। এনজিও প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিএস এর নির্বাহী পরিচালক রোকেয়া কবির, নেজেরা করি’র খুশি কবির, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাংবাদিক নাইমুল ইলমাল খান, স্টেপস এর রঞ্জন কর্মকার, ব্র্যাক এর পরিচালক নাজমুল হোসেন, টিএমএসএস এর রেজা খান, এডাব এর পরিচালক একেএম জসিমউদ্দীন, এসওএস এর জাতীয় পরিচালক গোলাম আহমেদ ইছহাক প্রমুখ।
এসময় কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল ও দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











