বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ আইনের সংশোধনী অনুমোদন

3521_122157নিজস্ব প্রতিবেদক : চেয়ারম্যানের একক ক্ষমতার বদলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার বিধান রেখে পাবর্ত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইন অনুমোদনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আরও সক্রিয় ও কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির পর ২০০১ সালে ভূমি শাসন আইন করা হয়। এবার সেই আইনের কিছু সংশোধনী আনা হয়েছে।

সংশোধিত আইনে পাঁচ সদস্যের কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্যসচিব হবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা এই কমিশনের সদস্য হবেন।

এ ছাড়া আজকের মন্ত্রিসভায় মিশন স্টেটমেন্ট প্রণয়নে মন্ত্রিসভা কর্তৃক ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব এবং জাতীয় ই-সেবা আইন ২০১৫ এর খসড়া প্রণয়নের বিষয়ে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলেও জানান সচিব।