সাংবাদিক শওকতের বিদেশ যেতে অনুমতি দিয়েছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিনিধি : চিকিৎসার জন্য সাংবাদিক নেতা শওকত মাহমুদকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। যে দিন যাবেন সে দিন থেকে ৪০ দিন তিনি দেশের বাইরে অবস্থান করতে পারবেন বলেও আদেশ দেন আদালত।
তার করা এক আবেদনের প্রেক্ষিতে সোমবার (০১ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এম মাসুদ রানা ও মোস্তাফিজুর রহমান।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে আইনজীবী এম মাসুদ রানা বলেন, আমরা আদালতে বলেছি, শওকত মাহমুদ ডায়াবেটিস, পিঠে ব্যথাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এর আগে তিনি থাইল্যান্ডে প্রতি তিন মাসে একবার চেকআপ করাতে যেতেন। কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকায় তার শারীরিক চেক-আপ করানো সম্ভব হয়নি।
আমরা আরও উল্লেখ করেছি, যেহেতু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। তাই বিদেশ যাওয়ার আগে বিষয়টি আদালতকে অবহিত করা দরকার। সে জন্য বিচারিক আদালতে গত ১৭ জুলাই একটি আবেদন করি। কিন্তু সেই আবেদন নামঞ্জুর হলে আমরা ২৮ জুলাই তার বিরুদ্ধে হাইকোর্টে আসি। সেই আবেদনের ওপর হাইকোর্টে গতকাল শুনানি হয়। পরে সোমবার আদালত এই আদেশ দেন।
প্রায় ১০ মাস কারাবন্দি থাকার পর সব মামলায় জামিন পাওয়ায় শওকত মাহমুদ গত ২২ জুন জামিনে মুক্তি পান।
প্রসঙ্গত, শওকত মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর একাংশের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।











