বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ রায় প্রকাশ: স্কুল-কলেজে সভাপতি হতে পারবেন না এমপিরা

highcourtনিউজ ডেস্ক : এমপিদের বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডির (পরিচালনা পর্ষদের) সভাপতি হওয়ার অভিপ্রায় ব্যক্ত করার বিধানকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

রোববার এই রায় প্রকাতি হয়। রায়ে ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত আইন সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে।

পৃথক দুটি রিট মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে গত ১ জুন বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছিলেন।

রায়ে বিশেষ গভর্নিং বডি গঠনের মাধ্যমে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিচালনার বিধানও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়েছে।

পাশপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে সভাপতি করে গঠিত রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ গভর্নিং বডি ভেঙে দিয়ে ৬ মাসের জন্য এডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গঠনের জন্য নতুন নির্বাচন দিতে বলা হয়েছে রায়ে।

এ রায়ের ফলে এমপিরা কোনো বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারবেন না। এমনকি বিশেষ কমিটি বা ম্যানেজিং কমিটি গঠনের মাধ্যমেও স্কুল-কলেজ পরিচালনা করা যাবে না।

আইনের বিধান অনুসারে শিক্ষক-অভিভাবকদের ভোটে নির্বাচিত কমিটির মাধ্যমে এখন থেকে গভর্নিং বডি গঠন করতে হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ।

একইসঙ্গে এই রায়ের ফলে সারা দেশের বেসরকারি স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, কমিটি বাণিজ্যের অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষযে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান যুগান্তরকে জানান, ‘আদালত বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ৫(২) ধারায় এমপিদের সভাপতি হওয়ার অভিপ্রায়কে সংবিধান পরিপন্থী বলেছেন। এছাড়া এই প্রবিধানমালার ৫০ ধারায় বিশেষ গভর্নিং বডি গঠনের বিধানকেও সংবিধান পরিপন্থী বলেছেন। পাশাপাশি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি ভেঙে দিয়ে ৬ মাসের জন্য এডহক কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন।’

গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০০৯ এর ৫(১) ধারায় এমপিরা তাদের নির্বাচনী এলাকার মধ্যে অবস্থিত সর্বোচ্চ ৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি হতে পারতেন।

৫(২) ধারায় বলা হয়েছে, এমপি তার নির্বাচনী এলাকার যে সকল উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক তার উল্লেখসহ লিখিতভাবে এই প্রবিধিনমালার আলোকে বোর্ডের চেয়ারম্যানের নিকট লিখিতভাবে অভিপ্রায় ব্যক্ত করতে হবে এবং ওই অভিপ্রায়পত্র সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের সভাপতি হিসেবে তার মনোনয়নরূপে গণ্য হবে।

এছাড়া ৫০ ধারায় বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে বোর্ড এবং সরকারের পূর্বানুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ ধরনের গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি গঠন করা যাবে।

প্রবিধানমালার এই ৫ ও ৫০ ধারা চ্যালেঞ্জ করে গত এপ্রিল মাসে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

রিট আবেদনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধ্যাদেশ ১৯৬১ এর ৩৯(২) ধারায় আইন তৈরির ক্ষমতা বোর্ডকে দেয়া হয়। তবে কি কি আইন তৈরি করতে পারবে তা ওই ধারার (vi) তে উল্লেখ রয়েছে।

ওই দফায় বিশেষ কমিটি বা সংসদ সদস্যরা গভর্নিং বডির সভাপতি হবেন- এমন কোনো ক্ষমতা বোর্ডকে দেয়া হয়নি। ফলে প্রবিধানমালার ৫ ও ৫০ ধারা অধ্যাদেশের ৩৯(২)(vi) এর সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া এই দুটি ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ২৮, ৩১, ৫৯, ৬০ ও ৬৫ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক বলে দাবি করা হয়।

এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।

এর আগে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি অবৈধ ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা বাতিলের দাবিতে গত ১৬ জানুয়ারি হাইকোর্টে আরও একটি রিট করেন আইনজীবী ইউনুস।

এই রিটেরও প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। দুটি রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১ জুন হাইকোর্ট রায় ঘোষণা করেন।