বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) উপনির্বাচনে মনজুরুল আহসান বুলবুল সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৯জুলাই) দেশব্যাপী অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি ১০৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অশোক চৌধুরী পেয়েছেন ৯৭৩ ভোট। এই দুজন ছাড়াও সভাপতি পদে আব্দুল জলিল ভূঁইয়া নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। তিনি ভোট পেয়েছেন ২৮৫টি। মঞ্জুরুল আহসান বুলবুল ইতিপূর্বে বিএফইউজের দুইবার সভাপতি ও তিনবার মহাসচিব ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি একুশে টেলিভিশনে প্রধান নির্বাহী পদে কর্মরত রয়েছেন।
উপ-নির্বাচনে ঢাকাসহ সারাদেশের চার হাজারেরও বেশি সাংবাদিক সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার। একইদিনে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে এ পদটি খালি হয়। সভাপতি পদে উপ-নির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়। এর আগে ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের (আওয়ামী লীগ পন্থি) দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়।











