মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইফা’র জঙ্গিবাদবিরোধী খুতবা প্রতিরোধে মাঠে নামছে হেফাজত

8dcনিউজ ডেস্ক : জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) নির্দিষ্ট করে দেওয়া জুমার খুতবা প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম। বরং ইফার এই কার্যক্রম ‘ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে মাঠে নামছে হেফাজত। আগামী ২৯ জুলাই শুক্রবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে হেফাজত। যদিও হেফাজতের এই ঘোষিত কর্মসূচি ‘সন্ত্রাস, নৈরাজ্য ও দেশি-বিদেশি মানুষ হত্যা, সরকার কর্তৃক খুতবা নিয়ন্ত্রণের’ প্রতিবাদে হলেও মূল লক্ষ্য ইফা’র জঙ্গিবাদবিরোধী খুতবা। কর্মসূচি বাস্তবায়ন করতে সংগঠনটির নেতারা ঢাকা ও চট্টগ্রামে দফায় দফায় বৈঠকও করেছেন। হেফাজত সূত্রে এসব তথ্য নিশ্চিত হয়েছে বাংলা ট্রিবিউন।

হেফাজত নেতাদের বৈঠকজানা গেছে, গত দুই জুমার নামাজের খুতবা প্রণয়ন করে সারা দেশের মসজিদগুলোতে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইতোমধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় চট্টগ্রামের দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বৈঠকে করে ইফার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন। আগামী ২৯ জুলাই শুক্রবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজত। এ বিষয়ে সংগঠনটির নায়েবে আমির ও ঢাকা মহানগরীর আহ্বায়ক নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে ঢাকার হেফাজত নেতারা চট্টগ্রাম গিয়ে হেফাজতের আমীর শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া, চট্টগ্রামেও হেফাজত নেতারা আন্দোলন সফল করতে বৈঠক করেছেন। অন্যদিকে, ঢাকার লালবাগ ও বারিধারা মাদ্রাসাকেন্দ্রিক হেফাজত নেতাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ থাকলেও এ বিষয়ে বিরোধ মিটিয়ে বৈঠক করেছেন।

জানা গেছে,হেফাজত ঘোষিত কর্মসূচি সফল করতে লালবাগ মাদ্রাসায় ঢাকার হেফাজত নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয় ২৪ ‍জুলাই দুপুরে। সেই বৈঠকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে হেফাজতের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ, হেফাজতের যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, হেফাজত কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাওলানা যোবায়ের আহমদ, মুফতী তৈয়্যব হোসাইন, ঢাকা মহানগর যুগ্ম সদস্য সচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা ফজলুল করীম কাসেমী, প্রচার সেল প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা সাখাওয়াত হোসাইন,মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা আনছারুল হক ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন। যদিও দীর্ঘ সময় ধরে ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমীসহ বারিধারা মাদ্রাসাকেন্দ্রিক হেফাজত নেতারা লালবাগে আসেননি। এমনকি লালবাগ মাদ্রাসাকেন্দ্রিক হেফাজত নেতারাও বারিধারার কোনও অনুষ্ঠানে যোগ দেননি।

হেফাজত নেতাদের বৈঠকবৈঠক সূত্রে জানা গেছে,ঢাকার হেফাজত নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন ২৯ জুলাই শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এছাড়া, কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে কেন্দ্রীয় হেফাজতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক কেন্দ্রীয় নেতা বলেন, হেফাজত মাঠে নামলেই সরকার নানাভাবে বাধা দেয়। এজন্য কর্মসূচিতে খুতবার বিষয়ের পাশাপাশি জঙ্গিবাদ ও সহিংসতাকে রাখা হয়েছে। সারাদেশের আলেম ওলামাদের সমর্থন ধরে রাখতে নিজেদের মধ্যে বিরোধ ভুলে মাঠে এক সঙ্গে থাকবেন হেফাজত নেতারা। ইসলামিক ফাউন্ডেশন খুতবা নিয়ন্ত্রণের চেষ্টার মাধ্যমে আলেম-উলামা ও ইমাম-খতীবদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়। এজন্য এই কর্মসূচি। এরপরও ইফা সিদ্ধান্ত বাতিল না করলে হেফাজত কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ প্রসঙ্গে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন,ইসলামিক ফাউন্ডেশন বলেছে, খুতবা কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। তাহলে কেন দেশের বিভিন্ন স্থানে ইফার খুতবা না পড়ার কারণে ইমাম,খতিবকে গ্রেফতার করা হয়েছে। এতে স্পষ্ট খুতবা নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইসলামিক ফাউন্ডেশন। নানাভাবে আলেম-উলামাদের হয়রানি করা হচ্ছে। এজন্য হেফাজতের পক্ষ থেকে শুক্রবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাদ জুমা হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজিজুল হক বলেন, মসজিদের খতিবরা সব সময় আদর্শ ও শান্তিপূর্ণ মানুষ, সমাজ ও দেশ গঠনমূলক পবিত্র কুরআনের আয়াত ও হাদিসের উদ্ধৃতি দিয়ে খুতবা পাঠ করেন। হঠাৎ করে সরকারিভাবে খুতবা নির্ধারণের প্রয়োজন নেই। বরং এতে বিশ্বের কাছে মনে হতে পারে,দেশের লাখ লাখ মসজিদের খতিব জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতি উদ্বুদ্ধকরণের কাজ করে যাচ্ছেন।
তবে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে মুখ খুলেননি হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। তিনি বলেন, অপেক্ষা করুন। নজর রাখুন। বাংলা ট্রিবিউন