জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় সমন্বয় কমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ অন্তত দুজনকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় কমিটি।
পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শুরুর আগে দুপুর ১২টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয় কমিটি। সমাবেশে জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ রামপাল চুক্তিসহ অন্যান্য ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
দুপুর সোয়া ১২টার পর জাতীয় কমিটির বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করে। এতে হাজার খানেক মানুষ অংশ নেন।
কয়েক দফা বাধা পেরিয়ে বিক্ষোভ মিছিলটি বাংলামোটরের কাছাকাছি আসে। এ সময় কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনকারীরা বেশ কয়েকবার সংগঠিত হওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশি অ্যাকশনের মুখে তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একপর্যায়ে পুলিশ অন্তত দুজন আন্দোলনকারীকে আটক করে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মিছিলটি কয়েক বার আটকানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়েছে। এ ঘটনায় কয়েকজন আটক থাকতে পারেন।











