সাত ‘জঙ্গি’র নাম প্রকাশ করেছে ডিএমপি
রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত নয় ‘জঙ্গি’র মধ্যে সাতজনের পরিচয় প্রকাশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার রাতে ডিএমপি নিউজ ও ডিএমপির নিজস্ব ফেসবুক পেজে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়।
এঁরা হলেন আবদুল্লাহ, আবু হাকিম নাইম, তাজ-উল-হক রাশিক, আকিফুজ্জামান খান, সাজাদ রউফ অর্ক, মতিয়ার রহমান, জোবায়ের হোসেন।
আবদুল্লাহর বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম মো. সোহরাব আলী। আবু হাকিম নাইমের বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। তাঁর বাবার নাম নুরুল ইসলাম। তাজ-উল-হক রাশিকের বাড়ি রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায়। তিনি রবিউল হকের ছেলে। আকিফুজ্জামান খান রাজধানীর গুলশান আবাসিক এলাকার সাইফুজ্জামান খানের ছেলে। সাজাদ রউফ অর্ক রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার তৌহিদ রউফের ছেলে। সাজাদ মার্কিন নাগরিক। মতিয়ার রহমান সাতক্ষীরার তালা উপজেলার নাসির উদ্দিন সরদারের ছেলে। জোবায়ের হোসেন নোয়াখালীর সুধারামের আবদুল কাইয়ুমের ছেলে।
জাতীয় পরিচয়পত্রের আঙুলের ছাপের সঙ্গে জঙ্গিদের আঙুলের ছাপ মিলিয়ে পুলিশ পরিচয় নিশ্চিত করেছে।
রাজধানীর জনবহুল এলাকা কল্যাণপুরে সোমবার রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার একটি বাসায় এক ঘণ্টার অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, তাঁরা সবাই জেএমবির সদস্য। যদিও তাঁরা নিজেদের আইএস দাবি করেছিলেন।
পুলিশ জানায়, ‘অপারেশন স্টর্ম-২৬’ নাম দিয়ে গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত জঙ্গিদের ভাড়া করা ওই বাসা বা আস্তানায় অভিযানটি চালানো হয়। এর আগে সোমবার রাত সাড়ে নয়টা থেকে ওই এলাকায় পুলিশ ব্লক রেড শুরু করেছিল।
কল্যাণপুর প্রধান সড়ক ধরে কিছু দূর হাঁটলে ডান পাশে ৫ নম্বর সড়ক। এই সড়কের মাঝামাঝি অবস্থানে ছয়তলার একটি বিশাল ভবন। এর প্রধান ফটকে বাড়িটির নাম লেখা ‘তাজ মঞ্জিল’। বেশ জীর্ণ এই বাড়িটিকে ঘিরে এলাকাবাসীর রয়েছে নানা রকম অভিযোগ। আশির দশকে নির্মাণ করা বাড়িটির প্রতিটি তলায় রয়েছে লম্বা বারান্দা। বাড়িটি এলাকাবাসীর কাছে ‘জাহাজ বিল্ডিং’ বা ‘জাহাজ বাড়ি’ নামে পরিচিত, যার মালিক সাবেক শুল্ক কর্মকর্তা আতাহার উদ্দিন আহমেদ।











