বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণপুরে নিহত ১ জঙ্গির পরিচয় মিলেছে

jubaer_jongiনিউজ ডেস্ক : রাজধানী ঢাকার কল্যাণপুরে যৌথ অভিযানে নিহত নয় জঙ্গির একজন নোয়াখালীর পশ্চিম মাইজদীর জোবায়ের (২০) বলে জানা গেছে।

জোবায়ের নিখোঁজ ছিল বলে তার বাবা আবদুল কাইয়ুম ১২ জুলাই সুধারাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডি নং ৯৪৭।

নোয়াখালী পুলিশের নিখোঁজ তালিকায় জোবায়েরের নাম এক নম্বরে ছিল।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এবং জোবায়েরের স্বজনরা নিহতের ছবি শনাক্ত করেছেন। নিহত একজনের ছবির সঙ্গে জোবায়েরের চেহারার প্রায় ৮০ ভাগ মিল রয়েছে বলে তারা জানান।

জোবায়ের নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার স্থায়ী ঠিকানা সদর উপজেলার কাদিরহানি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম মাইজদী গ্রামে। তবে তার পরিবার নোয়াখালী জেলা হাসপাতালের অদূরে বাসায় থাকে।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় জঙ্গিরা বোমা নিক্ষেপ করে ও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। এতে নয় জঙ্গি নিহত ও এক পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।