বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ এখন ইনুলীগে পরিণত হয়েছে: রিজভী

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ এখন ইনুলীগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

130721201528rijviii1
রিজভী বলেন, বর্তমান সরকার এগিয়ে চলেছে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। সেই দুরভীসন্ধিমূলক পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সরিয়ে দেয়া। এজন্যই দেশব্যাপী নানাধরণের নি:শ্বাসরোধকারী, জীবনসংহারী সহিংস রক্তপাতের ঘটনা ঘটানো হচ্ছে। গুম আর বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার ভয়ংকর প্রবণতাকে টিকিয়ে রাখার পরেও দেশে ভয়াবহ সন্ত্রাসের নতুন মাত্রা যোগ হয়েছে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর রক্তঝরা তাণ্ডবে।

সরকার তার স্বরে জঙ্গিবাদ নির্মূলের কথা বারবার ঘোষণার পরেও উগ্রবাদীরা অতর্কিতে নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পেতে রেখে নিরীহ দেশি-বিদেশি মানুষের জীবন কেড়ে নিচ্ছে। সরকার বিদ্যমান রক্তক্ষরণের অরাজকতা সামাল দিতে না পেরে নিজেদের ব্যর্থতায় দিশেহার হয়ে আরো বেশি প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে। আর এই প্রতিহিংসা মেটাতে গিয়ে বিএনপিসহ দেশের গণতান্ত্রিক শক্তির ওপর হামলে পড়ছে। বাংলাদেশ এখন হিংস্ররপ্রাণীসঙ্কুল। সরকারের হিংসরতা উগ্রবাদী জঙ্গিদের মতোই কাণ্ড জ্ঞানহীন অন্ধ এবং বেপরোয়া। এদেশে এখন মৃত্যুপণে কিনতে হয় মানুষের নিরাপত্তা। চারিদিকে শুধুই করোটিতে পরিপূর্ণ অন্ধকার প্রান্তর।

তিনি বলেন, দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ বাবু সুরঞ্জিত সেনগুপ্ত নিজের দল আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, আওয়ামী লীগ এখন বামলীগে পরিণত হয়েছে। আমার মনে হয় তিনি যথার্থই বলেছেন, তবে তা আরো যথার্থ হতো যদি বলতেন আওয়ামী লীগ এখন ইনুলীগে পরিণত হয়েছে।