বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে নামছে রাজউক

Rajuk_Bhaban_2.A.M.R-550x413রোববার থেকে রাজধানীর আবাসিক এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সারাদেশের ন্যায় রাজধানীর আবাসিক এলাকাকে বাণিজ্যিক করণের হাত থেকে রক্ষা করতে সংস্থাটির করতে কাউকেই ছাড় দেয়া হবে না। কার্যক্রম বাস্তবায়নে যতটুকু কঠোর হওয়া দরকার প্রয়োজনে ততটুকুই কঠোর হওয়ার কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।
সূত্র জানায়, রাজউকের ৮ টি জোনের মধ্যে প্রাথমিকভাবে তৈরী করা ৫ টি জোনের অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে। এর মধ্যে আজ থেকে ৩ টি জোনে উচ্ছেদ অভিযান শুরু করেছে সংস্থাটি। তবে পর্যায়ক্রমে সকল জোনেই এ অভিযান পরিচালনা করবে বলে জানা গেছে। কয়েকদিন আগে এসব অবৈধ প্রতিষ্ঠানকে রাজউকের পক্ষ থেকে আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে নোটিশ প্রদান করা হয়। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তুতিও নিয়েছে বলে জানা গেছে। যেসব প্রতিষ্ঠান নোটিশ দেয়ার পরও অবৈধ ও অনুমোদনহীন এসব স্থাপনা সরায়নি সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
রাজউক সুত্র জানায়, প্রথম পর্যায়ের অভিযানে জোন ২ উত্তরা আবাসিক এলাকা, জোন ৪ গুলশান, বনানী, বারিধারা ও জোন ৫ ধানমন্ডি লালবাগ আবাসিক এলাকায় পরিচালনা করা হবে। রাজউক ঘোষিত আবাসিক এলাকাকে প্রকৃত আবাসিক এলাকায় ফিরিয়ে আনার অংশ হিসেবে সংস্থাটির আওতাধীন এলাকায় অনুমোদন ছাড়াই নিয়মবর্হিভুতভাবে গড়ে তোলা সকল অবৈধ স্থাপনার একটি তালিকা করা হয়েছে। প্রাথমিক তালিকা অনুযায়ী রাজধানীর প্রায় সকল এলাকায় গড়ে উঠা স্থাপনার সংখ্যা এক হাজার ৬ শ ২৫ টি। এর মধ্যে গুলশান বারিধারা জোনের অবৈধ স্থাপনা হচ্ছে ৫শ ৫২ টি, উত্তরা জোনের ২শ ১৫ টি ও ধানমন্ডি লালবাগ জোনের ১৭৩ টি স্থাপনা রয়েছে যেগুলো উচ্ছেদে মাঠে নামছে রাজউক। অপর একটি সুত্র জানায়, এ তালিকা আরো বাড়বে।
সূত্র জানায়, তালিকা অনুযায়ী অবৈধ স্থাপনার মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্তোরা, হোটেল, বেসরকারী অফিস, মার্কেটসহ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা রয়েছে। এসব স্থাপনাগুলোর মধ্যে বেশীরভাগই রাজউক থেকে আবাসিক স্থাপনার অনুমতি নিয়ে বাণিজ্যিকসহ কমার্শিয়াল বা শিল্প প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে ব্যবসার জন্য নামমাত্র একটি ব্যবসার ট্রেড লাইসেন্স নিয়ে এসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। সিটি কর্পোরেশনে দেয়া এসব স্থাপনার ঠিকানা রাজউক নির্ধারিত কমার্শিয়াল এলাকায় দেয়া হলেও অনুমতি না নিয়েই সম্পূর্ণ আবাসিক এলাকায় বাড়ি ভাড়া করে এসব প্রতিষ্ঠান গড়ে তুলছে। যদিও সিটি কর্পোরেশন দীর্ঘ বছর যাবত আবাসিক এলাকায় কোন প্রকার অনাবাসিক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান গড়েতোলা বন্ধ করতে ট্রড লাইসেন্স প্রদান বন্ধ রেখেছে।
এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেন, আবাসিক এলকায় গড়ে তোলা অবৈধ বাণিজ্যিক স্থাপনা সরাতে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন তাই করা করা হবে। সমাজের কোন প্রভাবশালীর অবৈধ স্থাপনাই এর হাত থেকে রক্ষা পাবেন না। এমনকি আবাসিক এলাকায় তার নিজেরও কোন প্রকার বাণিজ্যিক স্থাপনা থাকলে তাও ভেঙ্গে ফেলা হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী বলেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন প্রকার বাধা দিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনে প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া সহ সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ১৭ বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনার পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে গুলশান ও আশপাশের এলাকায় অননুমোদিত এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঢাকাসহ বিভিন্ন শহরের আবাসিক প্লট ও ভবনথেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাস সময় বেঁধে দেয়া হয়। এরই অংশ হিসেবে গণপূর্ত মন্ত্রনালয় কাজ শুরু করেছে।