বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ বিএনপির

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ড ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে দলটির নেতাকর্মীরা। দণ্ড বাতিলের দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ বেশী হওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থান নেয়। গত তিনদিন ধরে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দলটির সিনিয়র নেতারা ছাড়া অন্যদের প্রবেশে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

img_20160723_134135_135923

 

তারেক রহমানের বিরুদ্ধে রায়ের পর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তারেক রহমানের রায়ের পর-পরই কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ দলটির ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ।আজ শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিএনপি অফিসের পূর্ব পাশে মসজিদ গলিতে অবস্থান নেওয়া পুলিশ কাউকে কার্যালয়ে যেতে দিচ্ছেনা। সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে পরিচয়পত্র দেখে। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ের পশ্চিম পাশেও একই অবস্থা দেখা গেছে।

 

শনিবার দুপুরে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কয়েক জন সিনিয়র নেতা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারলেও নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে আরও দেখা যায়, দুপুর ২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আসলে পুলিশ গিয়ে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে। পরে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নেতাকর্মীরা কার্যালয়ের ভিতরে চলে যায়।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শীর্ষ নিউজকে বলেন, পুলিশ দলের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে হয়রানি করছে। কাউকে তারা কার্যালয়ে প্রবেশ করতে দিচ্ছে না।

এই বিষয়ে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিএনপি অফিসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গ্রেফতার সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান।