বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘থাকবে না’ আবাসিক এলাকায়

Dhaka.originalনিউজ ডেস্ক : রাজধানীসহ দেশের বড় বড় শহরের আবাসিক এলাকায় কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকবে না। ওইসব এলাকায় কোনো রাজনৈতিক দলের অফিস থাকলেও তা বন্ধ করা হবে।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, এরই মধ্যে ১২ হাজার ৯৫৭টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে সরকার। নোটিশেরর জবাব পর্যালোচনা করে ওইসব প্রতিষ্ঠান উচ্ছেদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সচিব আরও জানান, সভায় আবাসিক এলাকায় থাকা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং নতুন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনে ট্রেড লাইসেন্স না দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

সভায় জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় থাকা তিন হাজার ১৫টি, দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ১৩৭টি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে দুই হাজার ৪০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছে।

তাছাড়া খুলনা সিটি করপোরেশন ২৬টি, গাজীপুর ৩৭৬টি, কুমিল্লা ৪০টি, চট্টগ্রাম ১৫০টি, বরিশাল ৫৮টি, সিলেট ২৬টি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেস্কো) পাঁচ হাজার ৫৩৪টি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ১১২টি এবং ফায়ার সার্ভিস ১৩টি প্রতিষ্ঠানকে নোটিশ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৫১টি বার, ক্লাব ও রেস্তোরাঁকে নোটিশ দিয়েছেন।

রাজধানীর ৩৪টি চার ও পাঁচ তারকা হোটেলের বিষয়ে রাজউকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় জানানো হয়।

গত ৪ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে আবাসিক এলকার বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে ছয় মাসের সময় বেঁধে দেয়। এই সময়ের মধ্যে বাণিজ্যিক স্থাপনাগুলো না সরালে সেগুলো উচ্ছেদ করা হবে বলে তখন জানানো হয়।

এ সিদ্ধান্তের পর পর স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করা হয়।যুগান্তর