বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা বলবো ইশারা-ইঙ্গিতে

নিজস্ব প্রতিবেদক : পঁচাত্তরের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে এ ব্যাপারে সজাগ থাকতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

 

soiyod-asraful

জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা, নৈরাজ্যের বিরুদ্ধে এ আলোচনার আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন, পঁচাত্তরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়েছি। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। এ ব্যাপারে সবাইকে সতর্ক করার দায়িত্ব আমাদের মুক্তিযোদ্ধাদের নিতে হবে। তিনি বলেন, আমাদের সবসময় সজাগ ও প্রস্তুত থাকতে হবে। যখন গাছের পাতা নড়ে না, তখনই কিন্তু ঝড় আসে। সুতরাং আপনাদের সবসময়ই সতর্ক থাকতে হবে। যা বলবো ইশারা-ইঙ্গিতে বলবো। বুঝে নেবেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সরকারের লেজুড়বৃত্তি করলে তার কোনো মূল্য থাকবে না। আপনাদের যে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি রয়েছে তার কর্তৃত্বটাই এখানে থাক। মুক্তিযোদ্ধা সংসদের একটা স্বাধীনতা থাকতে হবে, স্বকীয়তা থাকতে হবে। এটা লেজুড়বৃত্তি করতে পারবে না। এসময় জনপ্রশাসন মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা সংসদ একটাই, এটা সরকারের কোনো অঙ্গ সংগঠন না। এটা মুক্তিযোদ্ধাদের স্বাধীন সংগঠন। এই সংগঠন একমাত্র পরিচালিত হবে নির্বাচিত মুক্তিযোদ্ধাদের দ্বারা। এর জন্য বিভিন্ন আইন পরিবর্তন করে এর সঙ্গে একবার ব্যুরোক্রেসি জড়িয়ে যায় তাহলে এখন যে অবস্থা আছে তার চেয়েও কঠিন অবস্থা হবে। আপনারা তো সরকারি কর্মকর্তা-কর্মচারী না, তাহলে কেন আপনারা সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতো তাদের সঙ্গে আলোচনা করবেন? এটা তো হতে পারে না। সৈয়দ আশরাফ বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছি তাতো কোনো সরকারের আদেশে কিংবা অধীনে মুক্তিযুদ্ধে যাইনি। আমরা নিজের ইচ্ছায় গিয়েছি, অস্ত্র হাতে নিয়েছি। যুদ্ধের পর সে অস্ত্র জমাও দিয়েছি, তারপর আর কোনোদিন তা নিয়ে নাড়াচাড়া করিনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধাদের কল্যাণে অনেক পরিকল্পনার কথা বলেছেন। যা বাস্তবায়ন হলে অনেক মুক্তিযোদ্ধার উপকার হবে। আমাদের জন্য তা প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা তো মুক্তিযুদ্ধে যাইনি লাভের জন্য, গিয়েছি জীবন দেয়ার জন্য। আমরা ভাগ্যবান যে আমরা ফিরে আসতে পেরেছি। আমাদের হাজার ভাইবোনেরা আত্মত্যাগ করেছে। উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে জনপ্রশাসন মন্ত্রী বলেন, আপনারা অনেক দাবি জানিয়েছেন। আমি যদি তার ঘোষণা এখানে দিয়ে কোনো কাজ করতে না পারি, তাহলে আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব আরো বাড়বে। তিনি বলেন, অনেক সময় আমাদের ইচ্ছা থাকার পরও সঠিক কর্মপরিকল্পনার জন্য তা বাস্তবায়ন করতে পারি না। তাই আপনাদের দাবি-দাওয়া নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে আপনাদের জন্য একটা উপায় বের করবো। মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সংগঠনের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন প্রমুখ।