বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৩ বাউলকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর একতারপুরে দুর্বৃত্তরা বাউল আখড়ায় হামলা চালিয়ে ভাঙচুর ও তিন বাউলকে কুপিয়ে জখম করেছে। শনিবার রাত ১২টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোরুদা গ্রামের বাউল আবদুর রহিম শাহ (৬৫) ও তার স্ত্রী ভুলু বেগম (৫৫) এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুরের রুশিয়া খাতুন (৪৫)।

 

23085_b5

এদের মধ্যে রুশিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত অন্য দুজন সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একতারপুর গ্রামের বাউল শহিদুল হক শাহ জানান, গ্রামের শেষ মাথায় তার ব্যক্তিগত ১২ কাঠা জমির ওপর আট বছর আগে আখড়া স্থাপন করা হয়। তার ছেলে মুকুল শাহ আখড়াবাড়ি তদারকি করেন। শনিবার রাতে দুজন সাধু তাদের স্ত্রীদের নিয়ে আখড়ায় আসেন। রাত ১২টার দিকে মুকুল সাধুদের জন্য কাথা-বালিশ নিতে বাড়িতে এলে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে তিনজনকে জখম করে। এ সময় রুশিয়ার স্বামী নুরু ফকির নামে এক বাউল পালিয়ে যায়। জীবননগর থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। হামলাকারীদের ধরতে পুলিশি তৎপরতা চলছে।