সুপার মার্কেটে কড়া নিরাপত্তা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সুপার মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, ইস্টার্ন মল্লিকা, কর্ণফুলী গার্ডেন সিটি, সেজান পয়েন্টসহ বেশ কয়েকটি মার্কেটে সরজমিন দেখা গেছে, মার্কেট ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। নিরাপত্তা প্রহরীরা ব্যাপক সতর্ক। ব্যক্তিগত গার্ড, কারিগরি ব্যবস্থার উন্নয়নসহ সার্বক্ষণিক পুলিশি টহল জোরদার করা হয়েছে। প্রতিটি মার্কেটে প্রবেশের সময় চালানো হচ্ছে তল্লাশি।

শতভাগ নিশ্চিত হওয়ার পরই ভেতরে ঢোকার অনুমতি মিলছে। এক্ষেত্রে তল্লাশি থেকে বাদ যাচ্ছে না স্ব স্ব মার্কেটের দোকান মালিকরাও। মার্কেটের প্রবেশপথে বসানো হয়েছে ডিটেক্টর। বসুন্ধরা সিটি মার্কেটে গিয়ে দেখা যায়, আধাঘণ্টা পর পর প্রচার করা হচ্ছে ‘সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে মার্কেটের নিরাপত্তা বাহিনীকে অবহিত করুন। কেউ ব্যাগ বা অন্য কিছু রেখে গেলে দ্রুত অবহিত করুন’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।’ মার্কেটের ভেতরেও নিরাপত্তা কর্মীদের টহলের ব্যবস্থা করা হয়েছে। বাড়ানো হয়েছে বাহিরের নিরাপত্তা কর্মী। মার্কেটের প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাহিরে টহল টিমও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বসুন্ধরা সিটি মার্কেটের পেছনের গেট বন্ধ করে দেয়া হয়েছে। যা আগে নিয়মিত খোলা রাখা হতো।
যমুনা ফিউচার পার্কে দেখা গেছে, মার্কেটের সামনে প্রধান সড়কের সঙ্গে লাগোয়া গেটেই প্রথম দফা তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা প্রহরীরা। শতভাগ নিশ্চিত হওয়ার পরই কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছে। এরপর মূল মার্কেটে প্রবেশের সময়ও দ্বিতীয় দফা চেক করেন নিরপত্তা কর্মীরা। যমুনা ফিউচার পার্কের নিরাপত্তা বিষয়ক ম্যানেজার সিদ্দিক জানান, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, ক্রেতা ও দর্শনার্থীর যাতে কোন রকম ভয় না থাকে এজন্য মার্কেটের ভেতর ও বাইরে সর্বোচ্চ নিরপত্তার ব্যাবস্থা করা হয়েছে। এছাড়া র্যাব ও পুলিশের টহল টিম সার্বক্ষণিক মনিটরিং করছে বলে জানান তিনি।
ইস্টার্ন প্লাজায় গিয়ে দেখা যায়, পুলিশ সদস্যরা সতর্ক প্রহরায়। মার্কেটের নিরাপত্তারক্ষীদের কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। এক নাগাড়ে ওভারটাইম করতে হচ্ছে প্রত্যেক প্রহরীকে। মার্কেটে প্রবেশের সময় সকলের ব্যাগ, পকেট এমন কি পুরো শরীরে তল্লাশি চালানো হচ্ছে। নারীদের তল্লাশির জন্য নারী নিরাপত্তা কর্মীরা কাজ করছেন। মার্কেটের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে। সার্বক্ষণিক কন্ট্রোল রুম থেকে তদারকি করা হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট তলার নিরাপত্তা কর্মীকে ওয়াকিটকির মাধ্যমে অবহিত করারও ব্যবস্থা রয়েছে। এছাড়া মার্কেটের সামনের রাস্তায় একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ও মোটরসাইকেল ছাড়া কাউকে পার্কিং করতে দেয়া হচ্ছে না। মার্কেটের মালিক সমিতির সভাপতি শাজাহান মোহাম্মদ আলিউজ্জামন বলেন, আমরা যাদের নতুন করে নিয়োগ দেবো তারা যদি সন্ত্রাসী গ্রুপের কেউ হয় এই ভয়ে পুরনোদের কর্মঘণ্টা বাড়িয়েছি। সিসি ক্যামেরা বাড়িয়েছি। থানায় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। তারাও সব সময় মার্কেটের সামনে টহল টিম মোতায়েন রাখছেন। সব মিলিয়ে আমরা নিরাপত্তার বিষয়ে অনেক সচেতন।
ফার্মগেট সেজান পয়েন্টে গিয়ে দেখা যায়, আনসারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রবেশ পথের পাশাপাশি প্রতিটি তলায় টহল দিচ্ছেন তারা। মালিক সমিতির অফিস থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মার্কেটকে নজরদারি করা হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আটক করারও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মার্কেটের সামনে সব সময় পুলিশের টিম টহল দিচ্ছে। ওভার ব্রিজের কাছেই সব সময় পুলিশ অবস্থান করছেন। মালিক সমিতির যুগ্ম-সম্পাদক কবির হোসেন বলেন, গুলশানের ঘটনার পর আমরা থানায় যোগাযোগ করেছি। তখন থেকেই তারা আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন। সব সময় মার্কেটের সামনে রাস্তায় পুলিশের টহল টিম থাকে। সার্বক্ষণিক খোঁজ-খবর রাখেন।











