অবৈধ ভিওআইপি’র সিম বাজারে
নিজস্ব প্রতিবেদক : অবৈধ ভিওআইপির কাজে ব্যবহার করা সিম এখন বিক্রি হচ্ছে বাজারে। প্রতিটি সিমের মূল্য ১ হাজার টাকা। এক সময় এসব সিম সচল থাকলেও এখন নেই। তবে বায়োমেট্রিক পদ্ধতিতে কেনার পর তা সচল হচ্ছে। এ ধরনের প্রায় এক কোটি সিম বিক্রি করা হচ্ছে খুচরা বাজারে। সাধারণ রিটেইলারদের মাধ্যমে অপারেটররা এ উদ্যোগ বাস্তবায়ন করছেন। তবে এসব সিমের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের সিম। এরপরই রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের সিম।

অপর মোবাইল অপারেটর সিটিসেলের কোনো সিম বা রিম বিক্রি করার তথ্য পাওয়া যায়নি। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটর্স অব বাংলাদেশ (এমটব) এ ধরনের ঘটনাকে অন্যতম অপরাধ হিসেবে মন্তব্য করেছে। তবে অপারেটররা এ ধরনের সিম বিক্রিকে স্বাভাবিক বলে মনে করছেন। তারা বলেন, গ্রাহকরা যদি এক হাজার টাকা দিয়ে পুরনো সিম কিনে সন্তুষ্ট থাকেন তাহলে আপত্তির কিছু নেই। তবে দামের বিষয়ে তারা নিজেরাও অসন্তোষ প্রকাশ করেন। যুক্তি হিসেবে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি সিমের দাম কোনোভাবেই এক হাজার টাকা হতে পারে না। সম্প্রতি এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, রাজধানীর শেওড়াপাড়াসহ মিরপুর, গুলশান, বনানী ও চট্রগাম এবং খুলনায় এ ধরনের সিম বেশি বিক্রি করা হচ্ছে। এসব সিম বেশি দাম দিয়ে বিক্রির কোনো কারণ জানাতে পারেননি বিক্রেতারা। তারা বলেন, পুরনো সিম, নম্বর সহজ তাই বেশি দামে বিক্রি করা হচ্ছে। তবে এ ধরনের সিমি বিক্রির হার খুব বেশি ভালো নয় বলে জানান বিক্রেতারা। সরজমিনে শেওড়াপাড়ার শামীম স্বরণীর ৬৫৪, ভিশন টেলিকম দোকানে গেলে দেখা যায়, দোকানের সামনের গ্লাসে কাগজে লেখা রয়েছে এখানে পুরনো সিম বিক্রি করা হয়। সিম বিক্রেতা মানবজমিনকে জানান, অপারেটররা এসব সিম বিক্রি করার জন্য দিয়েছেন। তারাই দাম নির্ধারণ করে দিয়েছেন এক হাজার টাকা। তিনি বলেন, এসব সিম ভিওআইপি কাজে ব্যবহার করা হতো। আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন হওয়ার কারণে এসব সিম নিষ্ক্রিয় হয়ে যায়। তাই এখন বেশি দামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এত টাকা দিয়ে সিম কিনলে বাড়তি কোনো সুবিধা আছে কি না প্রশ্নে তিনি বলেন, না কোনো সুবিধা নেই। তার পরও অনেকে এ ধরনের সিম কিনছেন। এ প্রসঙ্গে এমটবের সেক্রেটারি জেনারেল টিআইএম নুরুল কবির মানবজমিনকে বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর এটা একটি ত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই হয়তো কোন সমাধানের পথ বের করা হবে। মোবাইল অপারেটররা জানিয়েছে, সরকারের পাওনা মিটিয়ে মোবাইল সিম বাজারজাত করা হয়েছে। তাই যেসব পুরনো সিম অনেকদিন ধরে অচল ছিলো সেগুলো বিক্রির জন্য দেয়া হয়েছে। যেসব নম্বর আকর্ষণীয় সেসব সিম এভাবে বিক্রির জন্য সরবরাহ করা হয়েছে। এক্ষেত্রে রিটেইলাররা চাহিদা অনুযায়ী সিমের বিপরীতে টাকা আদায় করছেন এটা সত্য এ ক্ষেত্রে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হবে। ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন ছাড়া সিম কিনে নানা অপরাধের পাশাপাশি অবৈধ ভিওআইপি কাজে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ১৬ই ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ায় আঙুলের ছাপ না দিয়ে এখন আর নতুন সিম কেনা যাচ্ছে না। বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ কোটি ৬০ লাখের মত সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। নিবন্ধন না করায় এক কোটি ৬০ লাখের মতো সিম এখন নিষ্ক্রিয় রয়েছে। এসব সিমের বেশির ভাগই ব্যবহার করা হতো বিদেশ থেকে অবৈধ পথে কল আনার ক্ষেত্রে। সুনির্দিষ্টভাবে এসব সিমের মালিকানা না থাকায় খোলা বাজারে এখন তা বিক্রি করা হচ্ছে। প্রসঙ্গত, বায়োমেট্রিক পদ্ধতি চালুর পরপরই অবৈধভাবে ভিওআইপি কাজে ব্যবহৃত মোবাইল সিমের পরিমাণ কমে যায়। একইসঙ্গে কমে ভিওআইপির পরিমাণ। এতে বেড়েছে সরকারের রাজস্ব।











