পাবনায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: ব্যাপক গুলি ও বোমা বিস্ফোরণ, এলাকায় আতংক
নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু ও পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিন্টু ভূমি মন্ত্রীর জামাতা বলে জানা গেছে। আজ রোববার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় অর্ধশতাধিক রাউন্ড গুলি বর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সঘর্ষের সময় এবং একটি ব্যাংক, একটি রেস্তোরাসহ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাংচুর করা হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল বিরাজ করছিল। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর আশির্বাদপুষ্ট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন ভুমি মন্ত্রীর জামাই পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আবুল কালামআজাদ মিন্টু।
এই বিরোধের কারণেই গত ১৪ জুলাই বৃহস্পতিবার দ’ুটি গ্রুপই পৃথক পৃথকভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মিছিল ও সমাবেশের আয়োজন করে। আজ বিকালে মিছিল ও সমাবেশ শেষে উভয় গ্রুপ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনায় শুক্রবার রাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিন্টুর গ্রুপের পক্ষ থেকে আকাল সরদার নামের এক কর্মী বাদী হয়ে ৩০ জনকে আসামী করে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।
অপরদিকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত কর্মীদের মুক্তির দাবীতে আজ রোববার সকালে পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু ওরফে জামাই মিন্টুর সমর্থকেরা উপজেলা সেক্রেটারী মিন্টুকে দোষারোপ করে ঈশ্বরদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনের পর পরই ঈশ্বরদী পৌর এলাকায় আওয়ামীলীগের দু’ গ্রুপের মধ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই জের ধরে আজ রোববার বিকাল ৪টার দিকে ঈশ্বরদী রেল বাজারের ১ নম্বর গেইট আওয়ামীলীগের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ব্যাপক গোলাগুলি, বোমা বিস্ফোরন ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় প্রাইম ব্যাংকের ঈশ্বরদী শাখা, প্রগতি রেঁস্তোরাসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। মানুষ ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রায় অর্ধশতাধিক রাউন্ড শর্টগানের ফাঁকাগুলি ছোড়ে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে শীর্ষ নিউজকে জানান, আওয়ামীলীগের উভয় গ্রুপের সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ থেকে ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঈশ্বরদীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।











