জীবন দিয়ে স্বামীকে দেয়া কথা রাখলেন লিমা
নিউজ ডেস্ক : কথা ছিল ‘জীবনে-মরনে’ এক সঙ্গে থাকবেন। স্বামীর মৃত্যুর পর আত্মহত্যা করে সেই কথাই রাখলেন স্ত্রী লিমা।
পেশায় পোশাক শ্রমিক লিমা আক্তার। বয়স ২০ বছরের কাছাকাছি। গত মে মাসে ভালবেসে বিয়ে করেন বিপুল মিয়া (২৪) নামে সহকর্মী এক পোশাক শ্রমিককে।
তারা দুজনই কালুরঘাট ভারী শিল্প এলাকার ওয়েল গ্রুপের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। থাকতেন চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকার বাদশা মিয়া কলোনির একটি টিনশেড ঘরে।
কয়েকদিন ধরে বিপুল মিয়া অসুস্থ ছিলেন। নানা ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। শুক্রবার বিপুল মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর পর স্বামীকে চিকিৎসকের কাছে নিয়ে সুস্থ করার প্রাণপণ চেষ্টাও করেন।
কিন্তু নিয়তির নির্মম পরিহাসে স্ত্রীর সেবা ও ভালবাসাকে চির বিদায় জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপুল মিয়া। শুক্রবার রাত ৯ টায় তার মৃত্যু হয়।
কিন্তু বিয়ের তিন মাসের মাথায় প্রাণপ্রিয় স্বামীর এমন মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারেননি লিমা। স্বামীর মৃত্যুর দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন লিমা।
নগরীর চান্দগাঁও থানার বাদশা মিয়া কলোনিতে এ ঘটনা ঘটে। এ খবর পাওয়ার পর চান্দগাঁও থানা পুলিশ রাত ১২টার দিকে লিমার লাশ উদ্ধার করে।
বিপুলের বাড়ি গাইবান্ধা জেলায়। লিমা আক্তারের বাড়ি পটুয়াখালী জেলায় বলে পুলিশ জানিয়েছে।
বিপুল-লিমা দম্পতির প্রতিবেশীরা জানান, লিমা আক্তার এক বছর আগে থেকে কালুরঘাট শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজে যোগ দেন।
আর গত জানুয়ারিতে ওই পোশাক কারখানায় অপারেটর পদে পোশাক শ্রমিক হিসেবে যোগ দেন বিপুল মিয়া। এরপর তাদের মধ্যে মন দেয়া-নেয়া হয়।
মে মাসের মাঝামাঝিতে সময়ে দুজন বিয়ে করেন। বিয়ের সময় তারা দুজনই শপথ নিয়েছিলেন- ‘জীবনে যেমন একসঙ্গে থাকবেন, তেমনি মরণেও একসঙ্গে থাকবেন!’
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) এসএম শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, স্বামী-স্ত্রী দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- স্বামীর মারা যাওয়ার ঘটনা সহ্য করতে না পেরে লিমা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।











