গুলশানে হামলার পর একটি দেশ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছিল: হানিফ
গুলশানের হোটেল আর্টিজানে সন্ত্রাসী হামলার পর একটি দেশ সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল-উল-আলম হানিফ।
বুধবার দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ইমামদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান’ শীর্ষক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, গুলশানে হামলার পর শক্তিশালী একটি দেশ সন্ত্রাসী-জঙ্গি দমনের নামে এদেশে সৈন্য পাঠানোর প্রস্তাব দিয়ে ছিল, কিন্তু বাংলাদেশ সে প্রস্তাব গ্রহণ করেনি। বাংলাদেশ বলেছে, যখন যেটুকু প্রয়োজন তখন সেটুকু সহযোগিতা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘কথিত আইএস ইহুদিদের দ্বারা প্রতিষ্ঠিত। গুলশান আর্টিজেন রেস্তরাঁয় কথিত জঙ্গি হামলা প্রথম খবর প্রচার করে সাইটে। যার প্রতিষ্ঠাতা ইহুদি রিতা। যার পিতা ইরাকে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে নিহত হয়েছিলেন। আর সিএনএন তাদের নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে গুলশান ঘটনা প্রচার করে। তারাই আগে প্রচার করে যে বিশজনকে হত্যা করা হয়েছে।’
শীর্ষ নিউজ











