বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসেম সম্মেলনে ‘বাংলাদেশ সংকট’ নিয়ে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত ইউরোপিয় ইউনিয়নের

 
নিজস্ব প্রতিবেদক : ইউরোপ ও এশিয়ার দেশগুলোর সরকার প্রধানদের নিয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আসেম সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে ‘বাংলাদেশের চলমান সংকট’ নিয়ে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। এই প্রস্তাবের মধ্যে বাংলাদেশের ‘নিরাপত্তা ঝুঁকি’ ও ‘রাজনৈতিক সংকটকে’ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের ‘রাজনৈতিক সংকট’ ও ‘নিরাপত্তা ঝুঁকির ইস্যুটির’ যদি উন্নতি না হয় তাহলে এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনীতিতে। এতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা। এমন তথ্যই আন্তর্জাতিক আসেম সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবে ইউরোপের দেশসমূহের এই জোটটি।

index_134733

ঢাকার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয় ইউনিয়ন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এশিয়া ও ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত হয়েছে আসেম। বর্তমানে এর সদস্য সংখ্যা ৫৩। ইউরোপিয় ইউনিয়ন এ জোটের সদস্য। আগামী ১৫ থেকে ১৬ জুলাই মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারায় অনুষ্ঠিত হচ্ছে এ জোটের ১১তম দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে ইউরোপ ও এশিয়ার দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা এ সম্মেলনে অংশ নিবেন। বিশ্ব নেতাদের মিলন মেলায় পরিণত হবে সম্মেলনস্থল।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সম্প্রতিক সময়ের জঙ্গি হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ১১ জুলাই বৈঠক হয়েছে ইউরোপিয় ইউনিয়নের। সেই বৈঠকে বাংলাদেশের ‘নিরাপত্তা ঝুঁকি’ ও ‘রাজনৈতিক সংকট’ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। জঙ্গি হামলার পরে মার্কিন কর্মকর্তা নিশা দেশাইর আকস্মিক ঢাকা সফরটিকেও গুরুত্বের সঙ্গে দেখেছে তারা। একইসঙ্গে ইইউতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূতকে তাদের উদ্বেগের বিষয়টি বাংলাদেশ সরকারকে জানাতে বলেছে ইউরোপিয় ইউনিয়ন। পাশাপাশি তাদের এ উদ্বেগের বিষয়টি প্রস্তাব আকারে আগামী আসেম সম্মেলনে তুলে ধরবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

জানা গেছে, আসেমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮ দেশ, তার বাইরে ইউরোপের আরও দুটি দেশ, এশিয়ার ২১ দেশ এবং আঞ্চলিক সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ান সচিবালয় সদস্য। বাংলাদেশ ২০১২ সালে আসেমের ৫১তম সদস্য হিসেবে যোগ দেয় আসেমে।

এবারের সম্মেলনে নির্ধারিত বিষয়ের বাইরে প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরাই সাইড লাইনে নিজ নিজ বিষয়ে দ্বি-পাক্ষিক স্বার্থ নিয়ে অন্য দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশের পক্ষ থেকে আসন্ন আসেম সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের সারসংক্ষেপ তৈরির কাজ চলছে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

সূত্র জানিয়েছে, সর্বশেষ অনুষ্ঠিত গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায় নি। ফলে আন্তর্জাতিক সমর্থন হারায় বর্তমান সরকার। যুক্তরাষ্ট্রসহ প্রায় সকল রাষ্ট্রই এই নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে আছে। সংকট সমাধানে জাতিসংঘ পর্যন্ত সরকারকে বারংবার বলে আসছে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আয়োজন করতে।

সেই আন্তর্জাতিক জনমত গঠন ও সরকারের স্বীকৃতি আদায়ের জন্য এই সম্মেলনকে বিশেষ সুযোগ হিসেবে নিয়েছে সরকার। সেভাবেই সকল প্রস্তুতি করা হচ্ছে। এই সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী কোন কোন দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন সেই তালিকা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক সফল করতে সেসব দেশে থাকা বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার অভিজাত ও কূটনৈতিক এলাকা গুলশানের আর্টিজান নামক রেস্তোরাঁয় হামলা করেছে জঙ্গিরা। এ হামলায় ইতালী, জাপান, ভারত ও আমেরিকার নাগরিকসহ ২৮ জন নিহত হয়েছে। বিদেশি নাগরিক নিহত হয়েছেন ১৭ জন। বাকিরা বাংলাদেশি নাগরিক ও হামলাকারি। নিহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছিলো আইএস। হামলার শুরু থেকে পরেরদিন ভোর পর্যন্ত তাদের দেওয়া তথ্যই অনেকটা হুবহু মিলে যায়।

উদ্ধার অভিযানে হামলাকারী জঙ্গিদের সবাই নিহত হয়। এর রেশ না কাটতেই ঈদের দিন শোলাকিয়ায় ঘটে আরেক হামলা। যদিও শোলাকিয়ার হামলার পূর্বে আইএস ভিডিও বার্তায় বলেছিলো, ভবিষ্যতে বাংলাদেশে এধরনের হামলা আরো হবে। এরপর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলে আরও সতর্ক হতে বলে ভ্রমণ সতর্কতা জারি করেছে। বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকরা তাদের সকল কর্মসূচি বাতিল করে।

এ বিষয়ে আন্তর্জাতিক ও কূটনৈতক বিশ্লেষকরা বলছেন, ইউরোপ ও এশিয়ার রাষ্ট্র বা সরকার প্রধানরা এই সম্মেলনে অংশ নিবেন। সেখানে বাংলাদেশ বিষয়ে যদি নেতিবাচক কোন কথা আলোচিত হয় তাহলে এর প্রভাব দেশ-বিদেশে সকল ক্ষেত্রে পরবে। যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও বর্তমান সরকারের উপর গভীর ক্ষত সৃষ্টি করবে। দৃশ্যমান প্রভাবের চেয়ে অদৃশ্য প্রভাবই বেশি হবে। যা সময়ের আলোকে দৃশ্যমান হবে।

ফলে বিশ্ব নেতাদের এ সম্মেলনে বাংলাদেশ নিয়ে ইউরোপিয় ইউনিয়নের উদ্বেগজনক আলোচনায় বর্তমান সরকার কতটুকু সুবিধা করতে পারবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইউরোপ ও এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সম্পর্কিত বিষয়ে অনানুষ্ঠানিকভাবে রাষ্ট্রগুলোর চিন্তা ও অভিজ্ঞতা আদান-প্রদান করার জন্য এই জোট গঠিত হয় ১৯৯৬। পরবর্তীতে এ জোটে সদস্য রাজনৈতিক বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। আসেম গঠিত হওয়ার পর থেকে প্রতি দুই বছরে পর্যায়ক্রমে দুই মহাদেশের সদস্য দেশগুলোতে এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।