পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষার আবেদন
নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোঁরায় হামলার ঘটনায় নিহত পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করেছে পুলিশ। আর এই পাঁচজনের অস্থি-মজ্জা, রক্তমাখা জামাকাপড় আলামত হিসেবে জব্দ করারও আবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম মামলাটি তদন্ত করছে। তদন্ত সংস্থার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, মামলার তদন্তের স্বার্থে মৃত পাঁচ জঙ্গির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের দেহের ডিএনএ পরীক্ষার জন্য অস্থি-মজ্জা সংরক্ষণের আবেদন করা হয়েছে।
আর যাদের পরিচয় পাওয়া গেছে, তাদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে।
হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গিরা ১ জুলাই রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। পরদিন সকালে অপারেশন থান্ডারবোল্ড চালানো হয়। ওই অভিযানে পাঁচজন জঙ্গি নিহত হয়। অভিযানে একজন জাপানি, দুজন শ্রীলঙ্কানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহত পাঁচ জঙ্গি হলো রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, খায়রুল ইসলাম পায়েল ও সফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল। এ ঘটনায় ৪ জুলাই গুলশান থানায় হত্যা মামলা করে পুলিশ।











