ইসলাম থেকে দুষ্টচক্র বাদ দিতে রাষ্ট্রকে খুতবা তৈরির পরামর্শ
বাংলাদেশে জঙ্গি ঠেকাতে সরকার জুম্মার নামাজে খুতবার ওপরে নজরদারির পাশাপাশি রাষ্ট্রের পক্ষ থেকে খুতবা তৈরির পরামর্শ দিয়েছেন ইসলামি ফাউ-েশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদ আফজাল। তিনি মনে করছেন এর ফলে খুতবা সম্পর্কে ইসলাম সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা তৈরি হবে এবং কোনো দুষ্টচক্র ইসলামকে অপব্যাখ্যা করার সুযোগ পাবে না।
সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে মসজিদে মসজিদে ইমামরা কোন ধরনের ধর্মীয় অনুশাসন প্রচার করছেন তার ওপরে নজরদারি রাখা হবে এবং সুযোগ পেলে তা তদন্ত করা হবে। এ মাসের গোড়ার দিকে গুলশানে সন্ত্রাসী হত্যাকা-ের প্রেক্ষাপটে রোববার আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই সিন্ধান্ত নেয়া হয়। শুক্রবারের খুতবার ওপর নজরদারি করার এই সিন্ধান্ত দেশের কয়েক লাখ মসজিদে বাস্তবায়ন করা কিভাবে সম্ভব?
খুতবার ওপরে নজরদারির বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন ইসলামী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মোহাম্মদ আফজাল। তিনি বলেন, পৃথিবীর বহু দেশে খুতবা সাধারণত রাষ্ট্র কর্তৃক রচনা করে দেয়া হয়। সেটাই সকল মসজিদে খুতবার সময় পড়া হয়। আমাদের দেশে বিশেষ করে পাক-ভারত উপমহাদেশে এই সিস্টেমটা সেভাবে চালু হয় নাই। এটা যদি জাতীয়ভাবে দেশের বিজ্ঞ ওলামায় কেরাম কোরআন সুন্নাহ এবং দেশের কৃষ্টি-কালচারের আলোকে রচনার উদ্যোগ নেয়া হয় এবং সকলে যদি সেটা অনুসরণ করে তবে ভবিষ্যত জেনারেশনের জন্য ইসলামি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে মসজিদ একটা প্রাণকেন্দ্র হতে পারে।
সৌদি আরবে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিয়ে দেয়া হয়, শুক্রবারে কি খুতবা পড়া হবে ইসলামি ফাউন্ডেশন থেকে সেই ধরনের চিন্তা করা হচ্ছে কিনা এর উত্তরে মোহাম্মদ আফজাল বলেন, এই মুহূর্তে আমি সরকারের সার্কুলার হাতে পাই নাই সে কারণে এই ব্যাপারে আমি মতামত দিতে চাচ্ছি না। তবে আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠান দেশের বিজ্ঞ আলমগণ বা যারা মুরুব্বি আছে তারা মিলে যদি একটা খুতবা রচনা করে দেন এবং এটা যদি সকল মসজিদে অনুসরণ করে বা এটাকে অনুকরণ করে নিজেরা যদি কিছু লেখে তাহলে শিক্ষার চর্চা বাড়বে। কারণটা হল এখন থেকে ১শ’ বছর আগে যত আলেম ছিলেন তারা পড়াশোনা করে জ্ঞান অর্জন করতেন। বর্তমানে এলেম অর্জনের ক্ষেত্রে মাদরাসাগুলোতে কিছুটা ব্যত্যয় ঘটেছে। এই অবস্থা থেকে উদ্ধার হতে গেলে আমাদের প্রকৃত আলেম তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত মাদরাসা শিক্ষাকে স্বয়ংসম্পূর্ণ করা না যাবে ততদিন পর্যন্ত এই সমস্যা থাকবে। খুতবা যেহেতু ইসলামের একটা মৌলিক দর্শন, সেই দর্শনে মুরুব্বিয়ানে কেরাম যদি জাতীয়ভাবে সহযোগিতা করে তাহলে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের অনেকে উপকৃত হবে বলে মনে করি।
এখন যেটা দেখা যাচ্ছে এটা শুধু বাংলাদেশের সমস্যা না, সমস্ত পৃথিবীতে এটা হচ্ছে এবং ইসলামকে একেকজন একেকভাবে ব্যাখ্যা করছেন সেখানে সমস্যা হচ্ছে সুতরাং সবাই একই ধরনের কথা বলবে এটা সম্ভব কিনা সে প্রসঙ্গে মোহাম্মদ আফজাল বলেন, প্রকৃত ইসলাম নিয়ে প্রশ্ন ওঠার কোন কারণ নেই। এখন যারা মওদুদি-জামায়াতের মত বিশ্বের কিছু কিছু মোনাফেক চক্র ইসলামকে ব্যাখ্যা করতে যেয়ে কোরআন-হাসীসের ব্যত্যয় ঘটানোর একটা রাস্তা সৃষ্টি করেছেন। যে রাস্তার মধ্যে ড. জাকির নায়েকের মত দাঁতের ডাক্তারও এখন কোরআনের আলেম হয়ে গেছে। এই সমস্ত দুষ্ট চক্রগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। বাধ্যতামূলক আইন করার কথা এখনই আমি বলছিনা। তবে জনগণকে প্রকৃত ইসলাম সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে।
সূত্র : বিবিসি বাংলা.











