পুলিশের প্রেমে ব্যর্থ হয়ে বাসের নিচে তরুণীর ঝাঁপ
নিউজ ডেস্ক : গোপালগঞ্জে পুলিশ সদস্যের প্রেমে প্রত্যাখিত হয়ে প্রেমিকা কলেজ ছাত্রী ছাবিনা ইয়াসমিন সুমি (২০) আত্মঘাতি হয়েছে। রোববার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জশহরের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা এসময় প্রেমিক পুলিশ সদস্য তুহিন (কনস্টেবল নং-৫৬০) এবং তার অপর দুই সঙ্গী মানব (কনস্টেবলনং-৬৩২) ও মামুনকে (কনস্টেবল নং-৫৯৭) আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই ৩ জন গোপালগঞ্জ পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল।
নিহত কলেজ ছাত্রী ছাবিনা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আড়পাড়া গ্রামের মো: হাবিবুর মিয়ার মেয়ে। সে ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য ও ছাবিনার মধ্যে কোন কিছু নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি দৌঁড় দিয়ে ঢাকা খুলানা মহাসড়কে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাছে আসে। এ সময় দ্রুত গ্রামী একটি বাসের ধাক্কায় মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই তিন পুলিশ সদস্যকে ধরে পুলিশে দেয়। গোপালগঞ্জ থানা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
নিহত ছাবিনার বড় বোন খুরশিদা বেগম মোবাইল ফোনে জানিয়েছেন, গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল তুহিনের সঙ্গে তার বোনের ৫/৬ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। তুহিত তাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘুরাচ্ছিলো। রোববার তুহিনের সাথে দেখা করতে গোপালগঞ্জে যায় ছাবিনা। তুহিন বিয়ে করতে রাজি না হওয়ায় ছাবিনা আত্মহুতি দিয়েছে বলে আমার ধারনা। আমরা এ ঘটনার বিচার চাই।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো: সেলিম রেজা বলেন, ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন কনস্টেবলকে থানায় নিয়ে আসা হয়েছে। কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেন, পুলিশ কনস্টেবল তুহিনের সঙ্গে নিহত ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে শুনেছি। বাকী ২ কনস্টেবলের উপস্থিতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটির অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা অভিযোগ দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।











