জুমার খুতবা মনিটরিং করবে সরকার
জুমার নামাযের খুতবায় কি কি বিষয়ে আলোচনা করা হয় সেগুলো মনিটরিং করবে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, প্রতি শুক্রবার মসজিদে ইমামরা যে বয়ান দেন তার ধরন কী তা মনিটরিং করা হবে। ধর্মের অপব্যবহার করে যে অপকর্মগুলো ঘটানো হচ্ছে সে ব্যাপারে শুক্রবারের খুতবায় ইমামদের বলতে হবে। একদল লোক ধর্মের নামে জঙ্গি হামলা চালিয়ে প্রকারান্তরে ধর্মকেই আঘাত করছে বলে মন্তব্য করেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এমন সংবাদ প্রকাশ ও প্রচার করার ব্যাপারে সতর্ক থাকার ব্যাপারে মিডিয়ার সাথে আলাপ-আলোচনা করে দিকনির্দেশনা দেয়ার সিদ্ধান্ত আজকের সভায় নেয়া হয়েছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় ঘটনা টেলিভিশন চ্যানেলগুলো খুব অল্প সময় দেখায় অথচ গুলশানের ঘটনায় দেশীয় চ্যানেলগুলো অনেকক্ষণ প্রচার করে। তাদের ফুটেজ নিয়ে সিএনএন সারাদিন তা প্রচার করে। চ্যানেলগুলোর প্রচার ও প্রচারণার ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা তা বুঝতে হবে।
বৈঠকে জঙ্গিবাদের উস্কানি দেয়ার অভিযোগে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ এবং পুলিশের জন্য আধুনিক অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।











