লেগুনার চালক ঘুমে, প্রাণ গেল ৫ যাত্রীর
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের শহরতলী বেলতলি নামকস্থানে বাসের ধাক্কায় লেগুনা খাদে উল্টে এক নারীসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১৬ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাসটি আটক করেছে। হতাহতরা সকলেই লেগুনার যাত্রী বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
কোতোয়ালী মডেল থানার এসআই নিরুপম দে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাউন সার্ভিসের দ্রুতগতির একটি বাস সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বেলতলি নামকস্থানে পৌঁছলে পেছন থেকে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই অপর একটি লেগুনাকে ধাক্কা দিলে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থল পৌঁছে ৫ জনকে মৃত এবং ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি মো: সাঈম ও সাদ্দাম হোসেনসহ কয়েকজন যাত্রী জানায়, লেগুনার চালক ঘুমিয়ে গাড়ী চালাচ্ছিল। এসময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তারা জানায়, লেগুনাটি বেপরোয়া গতিতে চলছিল।
ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে মৃত ও ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।











