নিরাপত্তার ব্যাপারে নড়েচড়ে বসেছে সরকার
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারো কয়েক স্তরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন মার্কেট, বিপনিবিতান, কাঁচাবাজার, আড়ৎতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে ব্যাংকগুলো ফাঁকা থাকবে এজন্য ব্যাংকের নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া অপরাধ রোধ করে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, মার্কেট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গুরুত্বপূর্ণ এলাকায় তিন ধাপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালায় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর নিরাপত্তার ব্যাপারে নড়েচড়ে বসেছে সরকার। এ ধরনের ঘটনা আবারো ঘটতে পারে সে আশঙ্কা রয়েছে সরকারে। এসব দিক বিবেচনায় পবিত্র ঈদুল ফিতরে দেশব্যাপী কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতে চায় প্রশাসন। সেজন্য প্রত্যেক জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বিশেষ নিরাপত্তাব্যবস্থার জন্য চিঠি পাঠিয়েছে সরকারের সংশ্লিষ্ট বিভাগ।











