জিম্মি ২ বাংলাদেশীও নিহতের দাবি পরিবারের
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মি সংকটের ঘটনায় দুই বাংলাদেশীও নিহত হয়েছেন বলে দাবি করেছে তাদের পরিবার।
নিহতরা হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফারাজ হোসেন এবং ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ।
এর আগে শনিবার সকালে জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযানের পর দুপুরে আইএসপিআরের সংবাদ সম্মেলনে শুধু ২০ জন বিদেশীর নিহতের তথ্য জানানো হয় যাদের সবাইকে রাতেই হত্যা করে বন্দুকধারীরা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়। একজনকে জীবিত আটক করা হয়েছে। এছাড়া রাতেই অভিযানে ডিবির একজন কর্মকর্তা ও বনানী থানার ওসি নিহত হন।
জানা গেছে, লতিফুর রহমানের মেয়ে সিমিন হোসেনের দুই ছেলের মধ্যে ফারাজ সবার ছোট। শুক্রবার রাতে নিজে গাড়ি চালিয়ে গুলশানের ওই ক্যাফেতে ফারাজ গিয়েছিলেন বলে জানায় পরিবার সংশ্লিষ্টরা।
এছাড়া ডেএক্সওয়াই ইন্টারন্যাশনালের মানবসম্পদ বিভাগের পরিচালক ইশরাত ইনস্টিটিউট অফ এশিয়ান ক্রিয়েটিভসে ছিলেন। তিনি গ্রামীণফোন ও ওয়েস্টিন হোটেলেও কাজ করেছিলেন।











