বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ: জামায়াতের সাবেক এমপিসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন

gaibandha-aziz-নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক এমপি আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা, আটক ও নির্যাতনের ৩টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আগামী ২ আগস্ট এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী।

এর আগে গত ১৬ জুন এ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের এ দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।

আবদুল আজিজ ছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি হলেন- মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আবদুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আবদুর রহিম মিঞা (৬২)। ট্রাইব্যুনাল সূত্র জানায়, ছয় আসামির সকলে পলাতক।

গত বছরের ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

গত ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৪ সালের ২৬ অক্টোবর তদন্ত শুরু করে ২৭ ডিসেম্বর শেষ করা হয়।

ছয়জনের বিরুদ্ধে মোট ছয় খণ্ডে ৮৭৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রস্তুত করা হয়। মামলায় ২৫ জন এবং জব্দ তালিকায় তিনজন মিলিয়ে মোট ২৮ সাক্ষী সাক্ষ্য দেবেন।