আরও দুজন গ্রেপ্তার : পুলিশ
নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এসব দাবি করেন।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি গত রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট নগর পুলিশের একাধিক কর্মকর্তা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যাকাণ্ডে অংশ নেওয়া সাত-আটজন আসামি পুলিশের নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় পুলিশ তাঁদের আটক কিংবা গ্রেপ্তার দেখাতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও গতকাল বলেন, এ হত্যার সঙ্গে জড়িত আরও দু-একজন ধরা পড়বে বলে তিনি নিশ্চিত। প্রথম আলো











