বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল এবং গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস রেপিড ট্রানজিট প্রকল্পের কর্মযজ্ঞের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করে বলেছেন, এর মধ্যদিয়ে আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। মেট্রোরেল প্রকল্পের আওতায় প্রথম ধাপে কাজ শুরু হচ্ছে উত্তরা তৃতীয় পর্যায় থেকে শাপলা চত্বর পর্যন্ত ৬ নম্বর রুটের। প্রায় ২২ হাজার কোটি টাকার এ কাজে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা দিচ্ছে ১৬ হাজার ৬০০ কোটি টাকা। ২০ কিলোমিটার এই পথে থাকবে ১৬টি স্টেশন। প্রতি ঘণ্টায় উভয়দিকে ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে প্রকল্প চালু হলে। ২০২০ সালের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণকাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হলেও প্রথম পর্যায়ে ২০১৯ সালের মধ্যে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা-pk-karunews24

 

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক স্বাগত বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, আমরা সমস্ত দেশজুড়েই সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, পাতাল সড়ক, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেল, নৌ-সহ যোগাযোগ অবকাঠামো নির্মাণে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছি।
ঢাকা শহরের পূর্ব-পশ্চিম অংশের সংযোগসহ একটি সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে স্ট্রাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হালনাগাদ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সুপারিশ অনুযায়ী এয়ারপোর্ট-খিলক্ষেত-বারিধারা-বাড্ডা-রামপুরা-মৌচাক হয়ে কমলাপুর এবং খিলক্ষেত-পূর্বাচল কাঞ্চন ব্রিজ পর্যন্ত ২৮ কিলোমিটার এমআরটি লাইন-১ এবং গাবতলী-টেকনিক্যাল-মিরপুর-১, ১০ ও ১৪, বনানী-গুলশান-২ হয়ে ভাটারা পর্যন্ত ১৩ কিলোমিটার এমআরটি লাইন-৫ এর সম্ভাব্যতা সমীক্ষা চলমান রয়েছে।
এমআরটি লাইন-১ এ ৯ কিলোমিটার এবং এমআরটি লাইন-৫ এ ৬ কিলোমিটার মোট ১৫ কিলোমিটার পাতাল রেল নির্মিত হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন-এ দু’টি লাইনের কাজ শেষ হলে নগরীর বেশির ভাগ স্থানেই দ্রুত, সহজ ও আরামদায়ক পরিবেশে মানুষ যাতায়াত করতে পারবে। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। অন্যদিকে যানজটের কারণে অপচয় হওয়া থেকে কর্মঘণ্টা সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী বলেন, গাজীপুরসহ আশেপাশের জেলার জনগণের ঢাকা মহানগরীতে যাতায়াত সহজ, পরিবেশবান্ধব, নিরাপদ ও দ্রুত করার জন্য গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি লাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পেরও নির্মাণকাজ আজ শুরু হতে যাচ্ছে। প্রকল্পটি ডিসেম্বর ২০১৮ সালে সমাপ্ত হবে। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন প্রকল্পটি বাস্তবায়িত হলে বাসভিত্তিক দ্রুতগামী এ গণপরিবহন ব্যবস্থায় প্রতি ঘণ্টায় উভয় দিকে ২৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। তিনি বলেন, ভবিষ্যতে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত ২২ কিলোমিটার বিআরটি লাইন-৩ নির্মাণের বিষয়টিও যাচাই করে দেখা হচ্ছে।

 

পদ্মা সেতুর নির্মাণ প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২৮ হাজার কোটি ঢাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে বৃহত্তম নির্মাণ প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ সেতুর সঙ্গে রোড হিসেবে ঢাকার যাত্রাবাড়ী থেকে মাওয়া ঘাট এবং অপর পাড়ে ভাঙ্গা পর্যন্ত মোট ৫৫ কিলোমিটার মহাসড়কের উভয় দিকে ধীরগতির যানবাহন চলাচলের জন্য পৃথক লেনসহ ৪ লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। নবীনগর-ডিইপিজেড-চন্দ্রা মহাসড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়ক ৪-লেনে উন্নীত করা হয়েছে।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ ও নারায়ণগঞ্জের ৩য় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ বাস্তবায়নাধীন আছে। দুর্ঘটনা প্রতিরোধ করতে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ জয়দেবপুর-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক ৪-লেনে উন্নীতকরণ, ৪-লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু, মধুমতি নদীর উপর কালনা সেতু নির্মাণকাজ চলমান রয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। এছাড়া, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-ময়মনসিংহ ফোর লেনের নির্মাণ শেষে ঈদের আগেই এই মহাসড়ক দুটি চালুর সুসংবাদ দেশবাসী পাবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটার সঙ্গে রাজধানীর নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল ও শেখ রাসেল সেতু জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর উপর পায়রা সেতু (লেবুখালী) নির্মাণকাজ চলমান রয়েছে।

 

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও জনসাধারণের মধ্যে যোগাযোগ সহজ করাসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকেল এগ্রিমেন্ট এবং বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার (বিসিআইএন) অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠায় তার সরকারের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, পরিবহন সেক্টরে সুষ্ঠু ব্যবস্থাপনা প্রবর্তন এবং জনসাধারণকে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে যানবাহনের কর ও ফি আদায়ে অনলাইন ব্যাংকিং পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়া, মোটরযান ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতির আওতায় আনয়নের উদ্দেশ্যে রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট, রেডিও ফ্রিক্যুয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ ও মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রবর্তন করা হয়েছে। ইলেক্ট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করা হয়েছে। সরকার প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রতিটি পদক্ষেপ এক একটি মাইলফলক।
প্রধানমন্ত্রী বলেন, মহাসড়কের দুর্ঘটনা সংগঠনের স্থানগুলো চিহ্নিত করে সেগুলোকে আমরা সাইন্টিফিক্যালি তৈরি করে দিয়েছি। কারণ মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার বিষয়টাতে আমরা সব সময়ই সচেতন।
সড়ক পথ, নৌ, রেল এবং আকাশ পথ-প্রতিটি ক্ষেত্রেই সরকার উন্নয়নের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাইছি নতুন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও করে দিতে। ‘বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটি সেতুবন্ধন রচনার জায়গা। সেদিক থেকে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম।’
দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে বর্তমান সরকার একের পর এক সফল পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব ধরনের উন্নয়নের পূর্বশর্ত হলো টেকসই, নিরাপদ এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা। আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে আমাদের মূল লক্ষ্য দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। রাজধানীর যানজট হ্রাসে আমরা নির্মাণ করেছি ফ্লাইওভার ও রেলওয়ে ওভারপাস। ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির হওয়ার জন্য কয়েকটি সড়ক ও সেতু নির্মাণ করা হয়েছে, চালু করা হয়েছে কমিউটার ট্রেন, বাস্তবায়নাধীন রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা মহানগরীর চারদিকে বৃত্তাকার সড়ক, রেল ও নৌপথ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।