১০ বছরে পাচার ৪ লাখ ৪১ হাজার কোটি টাকা- সিপিডি
নিজস্ব প্রতিবেদক: প্রতিবছর গড়ে ৫৫৮ কোটি হিসাবে গত ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ৫ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ডলার। টাকার অঙ্কে যা ৪ লাখ ৪১ হাজার ৪২০ কোটি টাকা। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। এর বাইরে গত দুই অর্থবছরে সুইস ব্যাংকসমূহে বাংলাদেশি নাগরিকদের ব্যাংক হিসাবের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। আবার মালয়েশিয়ায় ‘মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে গত ১৩ বছরে ৩ হাজার ৬১ জন বাংলাদেশি অর্থ পাঠিয়েছেন। গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘অর্থপাচার : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদন প্রকাশে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সিপিডি সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মীর্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ প্রমুখ। এছাড়া আলোচনায় অংশ নেন অধ্যাপক আবু আহমেদ। প্যানেল আলোচক ছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি (জিএফআই) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান প্রবন্ধে বলেন, বাংলাদেশ থেকে ক্রমান্বয়ে বিদেশে অর্থ পাচার বেড়েছে। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৫ হাজার ৫৮৭ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে। দেশি মুদ্রায় এর পরিমাণ ৪ লাখ ৪১ হাজার ৪২০ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি ৯৬৬ কোটি ডলার পাচার হয়েছে ২০১৩ সালে। ওই বছরে ১০০টি দেশের মধ্যে পাচারকারী দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান ৪০ তম। গত ১০ বছরের হিসাবে প্রতিবছর গড়ে ৫৫৮ কোটি ডলার পাচার হয়েছে, যার ৮৮ শতাংশই হয়েছে আমদানি ও রপ্তানিতে মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে। সিপিডি বলছে, ২০১৩ সালে যে অর্থ পাচার হয়েছে, তা শিক্ষা বাজেটের ৩.৬ গুণ; স্বাস্থ্য বাজেটের ৮.২ গুণ। আর পাচার করা অর্থের যদি ২৫ শতাংশের ওপর করারোপ করা যেত, তাহলে স্বাস্থ্য বাজেট তিনগুণ আর শিক্ষা বাজেট দ্বিগুণ হতো। ওই বছর (২০১৩) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৫ শতাংশের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে।
এছাড়া সিপিডি’র মূল প্রবন্ধে টাকা পাচারের কেলেঙ্কারি ফাঁস হওয়া পানামা পেপার্সের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের ২৭টি ব্যাংক হিসাবের কথা ওই পেপারে রয়েছে। বিশ্বব্যাপী টাকা পাচার প্রসঙ্গটি নিয়ে বাংলাদেশের আরেকটু আগ্রহ প্রকাশ উচিত বলে মনে করে সিপিডি। টাকা পাচার রোধে মোটাদাগে চারটি সুপারিশ করেছে সিপিডি। এগুলো হলো আইনগত ও প্রাতিষ্ঠানিক দুই ধরনের সক্ষমতা বৃদ্ধি; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় রক্ষা; অন্য দেশের সঙ্গে সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা। মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রজেক্টে বাংলাদেশিরা তৃতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা বিনিয়োগ করছে। বাংলাদেশ থেকে অর্থ নিয়ে বিদেশে বিনিয়োগ করার কোনো আইন অনুমোদন নেই। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশিদের অর্থের সন্ধান পেলেও সরকারের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তবে অর্থ মন্ত্রণালয়ের এক হিসাবে বাংলাদেশের অর্থনীতির ৪০ থেকে ৮০ শতাংশ কালোটাকা।
প্রবন্ধের ওপর আলোচনায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মীর্জ্জা আজিজুল ইসলাম বলেন, পানামা পেপার্সে যাদের নাম আছে, তাদের কতজনের বিরুদ্ধে অনুসন্ধান হয়েছে, তা জানি না। আমদানি-রপ্তানির সময় মিথ্যা মূল্য ঘোষণা দিয়ে টাকা পাচার রোধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি বেড়ে গিয়েছিল। কিন্তু তখন বিদ্যমান উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছিল না। তাহলে নতুন মূলধনী যন্ত্রপাতি কেন আমদানি হচ্ছে, এ বিষয়ে এনবিআর কোনো অনুসন্ধান করেনি। টাকা দেশে রাখতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অর্থ পাচার রোধে নীতি সহায়তা আধুনিকায়ন করতে হবে। তিনি বলেন, যদি কেউ মনে করে জীবনের বা সম্পদের নিরাপত্তা নেই। তখন মানুষ বিদেশে টাকা পাচার করে। দ্বিতীয়ত: বিনিয়োগবান্ধব পরিবেশ না থাকলে টাকা পাচার হয়। এছাড়া দেশের ভেতরে নিরাপত্তার অভাববোধও একটি কারণ।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, নানা কারণে অর্থ বিদেশে পাচার হচ্ছে। সুশাসনের অভাবেই অর্থপাচার বাড়ছে। মূলত বাংলাদেশে লোকজন টাকা রাখতে ভয় পায়, করের হার আরো কমানো হলেও পাচার বন্ধ হবে না। দেশ থেকে অনেক মানুষ চলে যেতে চায়। তিনি বলেন, অর্থপাচার নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু কোনো কাজে আসছে না। ফি বছর পাচারের অর্থের অঙ্ক বাড়ছে। তিনি বলেন, অর্থপাচারের দুইটি কারণ থাকতে পারে। একটি হলো উন্নত দেশের দৃষ্টিভঙ্গি আর অন্যটি হলো আইনের শাসনের অভাব। আমার মনে হয় কর ফাঁকি দিতে এই টাকা পাচার হচ্ছে। এ অর্থ পাচার একটি অত্যন্ত জটিল বিষয়, এটা রাতারাতি সমাধান হওয়া সম্ভব না। ধীরে ধীরে পাচার রোধ করতে হবে। অর্থ পাচার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে পৃথক একটি সংস্থা প্রতিষ্ঠার পরামর্শ দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, সংস্থাটি থাকবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে। প্রস্তাবিত এ সংস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দুদকের কাজ দুর্নীতি রোধ করা, অপ্রিয় হলেও সত্য এই সংস্থার তৎপরতায় অর্থপাচার রোধ করা সম্ভব নয় এমন মন্তব্য করে আকবর আলি খান বলেন, অর্থপাচার রোধে আমাদের আইনি কাঠামোকে আরো মজবুত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন আহমেদ বলেন, দেশে মূলত বিনিয়োগবান্ধব পরিবেশের অপ্রতুলতা রয়েছে। শতভাগ বিনিয়োগ পরিবেশ থাকলে অর্থ পাচার হতো না। অনেকে অর্থপাচারের পেছনে রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তার কথা বলেন। এক্ষেত্রে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি (জিএফআই) তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৮ সালে যে অর্থপাচার হয়েছে তা ২০০৭ সালের চেয়ে ৬০ শতাংশ বেশি। ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্টের সঙ্গে বিনিয়োগকারীদের একটা মতপার্থক্য তৈরি হয়েছিল। এ জন্য ওই সময় অর্থ দেশে না রেখে বিদেশে পাচার হয়েছে। একই ঘটনা ২০১৪ সালে ঘটেছে। ২০১৩ সালের তুলনায় ওই বছর ৩৫ শতাংশ বেশি অর্থপাচার হয়েছে। এর মূল কারণ ২০১৪ সালে নির্বাচন হওয়ার কথা ছিল। আরেক পক্ষ নির্বাচনটি ঠেকাতে চেয়েছিল। এই সংঘাত বা অস্থিরতাপূর্ণ পরিবেশে অর্থ পাচার হওয়াটা স্বাভাবিক। তিনি বলেন, দেশে বেসরকারিখাতের বিনিয়োগ না হলে এর দায় সরকারকেই নিতে হবে।
কারণ সরকারকেই বেসরকারি খাতের বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য নীতি-কৌশল, সুযোগ-সুবিধা করে দিতে হবে। সাবেক এই গভর্নর বলেন, অর্থপাচার রোধের জন্য দেশে টাকা থাকলে নিরাপদে থাকবে এই মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে পাচারকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে মনে করি দেশে দুই ধরনের অপরাধের বিচার হয় না। এক স্বর্ণ চোরাচালান, দুই ফরেন কারেনসি পাচার। অনেকেই ক্যাপিটেল একাউন্ট লিবারালাইজেশনের কথা বলছেন। মনে হয় এটা করার এখন সময় এসেছে। তিনি বলেন, সত্যিকার অর্থেই মুদ্রা বিনিময় হারকে বাজারমুখী করতে হবে। সঠিকভাবে মুদ্রা বিনিময় হারকে বাজারের সঙ্গে সমন্বয় করতে পারলে ছোটখাটো পাচার রোধ সম্ভব হতো। মুদ্রার অতি মূল্যায়নের কারণে রেমিটেন্স কমছে ও অর্থ পাচার বাড়ছে বলেও তিনি মনে করেন। বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করে কার্যকর পদক্ষেপ নেয়ারও পরামর্শ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, এখন সময় এসেছে প্রাইস কমিশন জাতীয় কিছু করার। এই কমিশন পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করে দেবে।
আবু আহমেদ বলেন, ধনীরা টাকা পাচার করে। তাদের বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। এসেট মার্কেট স্বর্ণ ও ডায়মন্ডের বাজার গড়ে তুলতে হবে। পুঁজিবাজারে সহজে বিনিয়োগের সুবিধা দিতে হবে। এছাড়া দেশে শান্তি নিশ্চিত করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, যে দেশে সুযোগ-সুবিধা বেশি পাবে, টাকা সে দেশেই যাবে। দেশে বাণিজ্যিক উদারীকরণের মাধ্যমে পাচার রোধের পাশাপাশি আইন ও সুশাসনের দিকেও দৃষ্টি দিতে হবে।
এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ বলেন, ২০১৩ সালে প্রায় ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের খবর শুনে হতবাক হয়েছি। আমরা গাছের পাতায় কাজ করছি। গোড়ায় কাজ করছি না। ফলে এ অবস্থা। অর্থ পাচার রোধে মূল জায়গায় কাজ করতে হবে এবং মানসিকতা পরিবর্তন করতে হবে। অন্যথায় অর্থ পাচার ৮০ হাজার কোটি থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার কোটি টাকায় চলে যাবে।
এবিবি’র সাবেক চেয়ারম্যান নূরুল আমীন বলেন, বাংলাদেশ সাত, আটটি প্রতিষ্ঠানকে বাইরে বিনিয়োগের অনুমতি দিয়েছে। এ সংখ্যা আরো বাড়ানো প্রয়োজন। তিনি বলেন, গত ১০ বছরে গুলশান-বনানী বাড়ি বিক্রির ৮০ শতাংশ লেনদেনই হয়েছে দেশের বাইরে।
সবশেষে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিনিয়োগ নিঃস্ব একটি দেশ এখন ক্রমান্বয়ে পুঁজি রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। এর মতো বৈপরীত্য আর কিছু দেখি না। যে দেশে বিনিয়োগের জন্য পুঁজি আসছে না, সেই দেশ থেকে পুঁজি পাচার হয়ে যাচ্ছে। দেশে যে পরিমাণ বিনিয়োগযোগ্য টাকা আছে তা বিনিয়োগ হচ্ছে না। এটা দুঃখজনক ঘটনা। কয়েকটি বিষয়ে কাজ করলে অর্থ পাচার রোধ সম্ভব। এ ক্ষেত্রে প্রযুক্তি উন্নত ও রাজনৈতিক স্থিতিশীলতা, পাচার হওয়া অর্থের চেয়ে পাচার রোধে বেশি সময় দেয়া, আন্তর্জাতিক আইনের সঙ্গে সমন্বয়, অর্থ পাচারকারীদের দৃশ্যমান শাস্তি ও দুদক, রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ইত্যাদির মধ্যে সমন্বয়, সক্ষমতা ও স্বচ্ছতা বাড়াতে হবে।











