আজ ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন
নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়েতে ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিহীন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ নামে নতুন আরও একটি ট্রেন যুক্ত হচ্ছে। আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটি উদ্বোধন করবেন। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সিতাংশু চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, ১৬ বগির বিশেষ এই ট্রেনটি ইতিমধ্যে কমলাপুর স্টেশনে আনা হয়েছে। ট্রেনটিতে ১৬টি যাত্রীবাহী কোচ থাকবে। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কোচও আছে। প্রতি কোচে ৬০টি করে সিট রয়েছে। এই কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। এই ট্রেনটিতে যাত্রীদের খাবার সরবরাহ করা হবে। এজন্য অতিরিক্ত ১৯৫ টাকা দিতে হবে।
আর এই খাবার সরবরাহ করবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। ঢাকা-চট্টগ্রামের নির্ধারিত ভাড়ার সঙ্গে এটা নেয় হবে বলে সূত্র জানিয়েছে। এদিকে আজ ট্রেনটির উদ্বোধন করা হলেও রোববার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে। সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা করে দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম পৌঁছাবে। ট্রেনটি বিকাল ৫টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে রাত ১০টা ৪০ মিনিটে কমলাপুর স্টেশনে পৌঁছাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে থামবে না। উদ্বোধনের পূর্বে ট্রেনের সকল কিছু বারবার পরীক্ষা-নিরীক্ষার পর শেষ বারের মতো তা পরিদর্শনে গতকাল কমলাপুর রেলস্টেশনে আসেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
এদিকে, প্রধানমন্ত্রীর নতুন ট্রেন উদ্বোধনের কারণে ট্রেনের আগাম টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম। তিনি বলেন, পুরোনো সিদ্ধান্ত অনুযায়ী ৪ঠ জুলাইয়ের ট্রেনের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিল ২৫শে জুন। প্রধানমন্ত্রী নতুন ট্রেন উদ্বোধন করার কারণে ওই দিন টিকিট বিক্রি বন্ধ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪ঠা জুলাইয়ের আগাম টিকিট বিক্রি হবে ২৬শে জুন। আর ৫ই জুলাইয়ের টিকিট বিক্রি হবে ২৭শে জুন। অপরদিকে গতকাল বিক্রি হয়েছে ৩রা জুলাইয়ের ঈদের অগ্রিম টিকিট। টিকিটপ্রত্যাশীরা ভোর থেকেই দীর্ঘ লাইনে অবস্থান নেন। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হয়।
নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, লম্বা লাইন শেষ হয় দুপুর সাড়ের বারোটার মধ্যে। এরপর দু-চার জন করে টিকিট নিতে দেখা যায়। এমন একজন মামুন। যাবেন রাজশাহী। তিনি বেলা পৌনে তিনটায় এসেই তার কাঙিক্ষত ৩রা জুলাইয়ের টিকিট পেয়েছেন। আর এতে তিনি দারুণ খুশি।











