বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলো পাচার হওয়া ১১ কিশোরী

kidnappingযশোর (বেনাপোল) প্রতিনিধি : আড়াই বছর পর ভারতে পাচার হওয়া ১১ কিশোরীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়। এ সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও অভিবাসন পুলিশ কর্মকর্তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এ দেশের অভিবাসন পুলিশ কর্মকর্তাদের কাছে তাদের হস্তান্তর করেন।

ওই কিশোরীদের বাড়ি ঢাকা, খুলনা, বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে। বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) প্রতিনিধিদলের কাছে তাদের তুলে দেওয়া হয়েছে। আগামী রোববার থেকে ফেরত আসা কিশোরীদের পরিবারের কাছে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
পুলিশ ও বিএনডব্লিউএলএ সূত্রে জানা গেছে, ভালো কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে ওই কিশোরীরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে তাদের কলকাতার মানবাধিকার সংস্থা ‘লিলুয়া’র শেল্টার হোমে পাঠানো হয়। দুই দেশের পররাষ্ট্র পর্যায়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে ওই কিশোরীরা আটক হয়। দুই থেকে তিন বছর সাজা ভোগের পর দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগের পর তাদের দেশে ফিরিয়ে আনা হলো।’

বিএনডব্লিউএলএর যশোর জেলা সমন্বয়কারী নাসিমা খাতুন বলেন, ‘পাচার হওয়া কিশোরীরা এখন বিএনডব্লিউএলএর হেফাজতে রয়েছে। তাদের অভিভাবকদের খবর পাঠানো হচ্ছে। পরিবারের লোকজন এলে আগামী রোববার থেকে তাদের হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।’