সংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি
নিউজ ডেস্ক : আর্থিক খাতে সাগর চুরির দায়ে অর্থমন্ত্রীকে নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রীয় আর্থিক খাতে বিশৃংখলার কথা তুলে জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘এই বাজেটে দেখেছি এক লাখ কোটি টাকার খেলাপি ঋণ। তাহলে এই টাকা কার কাছে গেছে? এরা কারা? এরা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়।’
তিনি বলেন, ‘এদেরকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু এদেরকে আইনের আওতায় আনার তো দূরের কথা। এখন দুই হাজার কোটি টাকার অবলোপন করা হচ্ছে। এই টাকা তো পাবলিক মানি। এই টাকা দিয়ে তো প্রধানমন্ত্রীর স্বপ্নের আরেকটা দ্বিতীয় পদ্মা সেতু করা যেত।’
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘সোনালী ব্যাংক, বেসিকব্যাংক, জনতা ব্যাংকসহ সমস্ত ব্যাংকে চলছে লুটপাট আর লুটপাট। এটা আপনি (অর্থমন্ত্রী) নিজেই বলেছেন, ব্যাংক এখন ক্যান্সারের ইনস্টিটিউশন। এজন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি খাত থেকে ছেড়ে দিয়ে বেসরকারি খাতে ছেড়ে দিলে আপনারকে আর দায়-দায়িত্ব নিতে হবে না।’
অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনি বলছেন- সাগর চুরি হয়েছে। আপনি আবার স্বীকারও করছেন অকপটে। সাগর চুরি যদি হয়ে থাকে, আমার বিনয়ের সাথে আমার প্রশ্ন- এই বাংলাদেশ ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা সাইবার ডাকাতি হয়েছে, লুটপাট হয়ে গেছে। তার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে হয়েছে। তিনি নৈতিক কারণে পদত্যাগ করেছেন। আপনি মাননীয় অর্থমন্ত্রী হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনার কি কোনো নৈতিক দায়িত্ব নেই?’
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আপনি যখন এই সংসদে বসে বলেন, সাগর চুরি হয়েছে। তার পর মূহূর্তে থেকে আপনি কি আর সংসদে অর্থমন্ত্রী হিসেবে থাকতে পারেন? এটা হচ্ছে আমার কথা। সাগর চুরি বলার পরে ইউ ক্যান স্টে হেয়ার ফাইন্যান্স মিনিস্টার অফ কান্ট্রি। এরপর তো আর আপনি থাকতে পারেন না।’
তিনি বলেন, ‘আপনিই স্বীকার করছেন ব্যাংকিং সেক্টরে লুটপাটের একটা মহোৎসব চলছে। ৪ হাজার ১ কোটি টাকার সরকারি ব্যাংকিং সেক্টর ঘাটতি পূরণের লক্ষ্যে এখন আবার ভতুর্কি দিচ্ছেন। এখন আবার দুই হাজার কোটি টাকা ভতুর্কি করছেন। কার টাকা দিচ্ছেন। এই টাকা তো গরীব মানুষের টাকা। তাহলে আবার কি লুটপাট বাড়ানোর জন্য টাকা দিচ্ছেন?











