বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্ধ কি মি রাস্তা টেনে-হিঁচড়ে নিল ছিনতাইকারীরা

bbc-presenter-cintaiনিউজ ডেস্ক : বিবিসি বাংলার উপস্থাপক শারমিন রমা ছিনতাইকারীদের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন। ছিনতাইকারীরা প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় একটি ইফতারের দাওয়াত শেষে তিনি ঢাকার লালমাটিয়া থেকে ধানমণ্ডিতে ফিরছিলেন।

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের কাছে পৌঁছলে ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হন তিনি। এসময় রিকশায় সঙ্গে তার মেয়েও ছিল।

রমা বলেন, রিকশার পাশে দুজন মোটরসাইকেল আরোহী হঠাৎ করে তার হাতব্যাগ ধরে টান দেয়। এসময় তার হাতব্যাগের বেল্ট হাতের সঙ্গে পেঁচানো থাকায় তিনি রিকশা থেকে পড়ে যান।

পরে ধানমণ্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স থেকে ধানমন্ডি আট নম্বর ব্রিজ পর্যন্ত টেনে-হিঁচড়ে নিয়ে যায় মোটরসাইকেলটি। এতে মারাত্মক আহত হন তিনি।

ওই সময় তার মেয়ে রিকশা থেকে লাফিয়ে পড়ে মোটরসাইকেলের পিছু পিছু দৌড়ে যায় মাকে ছাড়ানোর জন্য।

রমা বলছিলেন, ‌‌’একটা পর্যায়ে তারা ব্যাগের বেল্টটা ছেড়ে দেয়, তখন আমি গড়িয়ে রাস্তার আরেক পাশে চলে যাই।’

তিনি বলছিলেন, ‘আমার বাচ্চা এত বেশি হতভম্ব যে সে কোনো কথাই বলতে পারছিল না অনেকক্ষণ যাবৎ। এ পুরো ঘটনাটা আমার এবং আমার বাচ্চার জন্য ভয়ংকর একটা অভিজ্ঞতা।’

রমার শরীরের ডানদিকটা থেঁতলে গেছে। তিনি বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান প্রবাহের উপস্থাপনা করেন। সূত্র: বিবিসি বাংলা।