দেশকে অন্যের হাতে তুলে দিতে ব্যস্ত সরকার
নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বভৌমত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমরা শঙ্কিত। দেশে সার্বভৌমত্ব আছে কি না। কারণ দেশে মানুষ নির্ভয়ে, নির্দ্বিধায় কোনো কাজ করতে পারে না। বর্তমান অবৈধ, অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে ব্যস্ত।

বর্ডারে একের পর এক হত্যা হচ্ছে কিন্তু সরকার গদির লোভে কিছু বলতে পারছে না। কেবল দেশের মানুষই এ ষড়যন্ত্র প্রতিহত করতে পারে। এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশের ভেতরে খুন হচ্ছে পুলিশের মাধ্যমে। অন্যদিকে বর্ডারে খুন হচ্ছে অন্যদের সিকিউরিটির মাধ্যমে। আমরা কী বলতে পারি? বাংলাদেশ আজকে কোন অবস্থায় চলে গেছে। যেখানে মিয়ানমার পর্যন্ত আজকে বাংলাদেশে আক্রমণ চালাচ্ছে। মিয়ানমার হেলিকপ্টার দিয়ে আকাশসীমা লঙ্ঘন করছে। অথচ এই বিজিবি অসহায়। দেশের অভ্যন্তরে থেকেও মানুষকে হত্যা করে যার তার একটা প্রতিবাদ করতে পারে না সরকার।
এমন দুর্বল সরকার দেশের মানুষের জন্য কল্যাণ করতে পারে না। খালেদা জিয়া বলেন, এ সরকার ক্ষমতায় আসার পর দেশকে অন্যের হাতে তুলে দেয়া হয়েছিল। আপনারা দেখেছেন, বিডিআর (বিজিবি) হত্যার ঘটনার মাধ্যমে এর সূত্রপাত হয়েছে। ওই ঘটনায় দেশের সীমান্তরক্ষী বাহিনী দুর্বল হয়ে গেছে। দেশের মানুষকে ভয়ভীতি, দমন ও হত্যা করে দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। সেই জন্যই পরিকল্পিতভাবে দেখা যাচ্ছে, বিজিবি সীমান্তে থেকেও দেশের মানুষকে রক্ষা করতে পারছে না। খালেদা জিয়া বলেন, বাংলাদেশ এখন আর গণতান্ত্রিক রাষ্ট্র নেই, পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। দেশে সবকিছু চলছে পুলিশের অধীনে। পুলিশ যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করছে। মহিলা-শিশুদের ওপর নির্যাতন করছে কিন্তু প্রতিবাদ করা যাচ্ছে না। পুলিশের অন্যায়ের প্রতিবাদ করলে তার জন্য আবার অন্যায়-অত্যাচার জেলে-জুলুম সহ্য করতে হয়। আইনের শাসন নেই বলেই আজ দেশের এই অবস্থা।
আদালত নিরপেক্ষভাবে কাজ করছে না অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের মানুষ অত্যাচারিত, নির্যাতিত। কদিন আগে দেখেছেন ফাহিম নামের ছেলেটির ঘটনা। তা থেকে বুঝতে পারছেন দেশে কী হচ্ছে, কী ঘটছে। দেশের সার্বভৌমত্ব আছে কিনা তা নিয়ে সংশয় আছে। তিনি বলেন, আজকে সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। আমি কোন দল করি, কত বড় দল, সেটা বড় কথা নয়। দেশকে টিকিয়ে রাখতে পারব কিনা সেটা বড় কথা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষ অত্যাচারিত এই সরকারের মাধ্যমে। এখন নিজে, নিজের পরিবার এবং দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে। ইফতারের আগে বিএনপি চেয়ারপারসন অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে সংগঠনের মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনের সঞ্চালনায় ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, সামনের পথ বন্ধুর। কষ্ট করে সে পথ চলতে হবে। এ জন্য চাই নিজেদের মধ্যে দৃঢ় শৃঙ্খলাবোধ, ঐক্য। এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এমন নির্বাচন হলে আমরা যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, তা দূর হবে। আমরা কাঙিক্ষত লক্ষ্য গণতন্ত্র ফিরে পাব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বক্তব্য দেন।
ড্যাবের সভাপতি ডা. আজিজুল হকের সভাপতিত্বে খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতারে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, ডা. এমএ মান্নান, ডা. আবদুল মবিন খান, ডা. তোফায়েল আহমেদ, ডা. আশরাফ হোসেন, পেশাজীবী নেতা রুহুল আমীন গাজী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপিপন্থি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া প্রমুখ।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, পেশাজীবী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ফ ম ইউসুফ হায়দার, ড. সদরুল আমীন, ড. এবিএম ওবায়দুল ইসলাম, আক্তার হোসেন খান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. জেডএম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. আবদুল কুদ্দুস, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, এসএম ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. আশরাফ উদ্দিন, অধ্যাপক ডা. এম আফতাব উদ্দিন, অধ্যাপক ডা. মো. নুরুন্নবী, ডা. দেওয়ান সালাহ উদ্দিন, ডা. তসলিম উদ্দিন, ডা. দেওয়ান সালাহ উদ্দিন, ডা. গাজী আবদুল হক, ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ ইফতারে অংশ নেন।











