অবৈধভাবে ক্ষমতা দখলের জন্যই উত্তরায় অস্ত্র মজুদ : আছাদুজ্জামান মিয়া
নিউজ ডেস্ক : অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে নাশকতা করতেই উত্তরায় অস্ত্র ও গোলা-বারুদের মজুদ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, নিশ্ছিদ্র নিরাপত্তা ও পুলিশের কয়েকটি তল্লাশি চৌকি পেরিয়ে কিভাবে উত্তরার ১৬ নম্বর সেক্টরের দিয়াবাড়ির বৌদ্ধমন্দিরের পাশের খালে পাজেরো গাড়িতে করে অস্ত্র ফেলে রাখা সম্ভব হলো।
জবাবে আছাদুজ্জামান বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে আসলে কিছু নাই। শতভাগ নিরাপত্তার মধ্যেও কিছু ফাঁকফোকর থেকে যায়। এসব ফাঁকফোকর ব্যবহার করেই অপরাধীরা অপরাধ করে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খালে অভিযান চালিয়ে সাতটি কাপড়ের ব্যাগের মধ্যে রাখা ১০৮টি চায়নিজ পিস্তল, ২৫০টি ম্যাগজিন, ১১টি বেয়নেট ও এক হাজার গুলি উদ্ধার করে পুলিশ।
পরে রোববার আরও ৩২টি ম্যাগজিন ভর্তি একটি কার্টন উদ্ধার করা হয়।











