বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রশিক্ষণে সন্তুষ্ট নন সিইসি

election_commitionনিউজ ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) কাজে অসন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

ইসি সচিবকে লেখা আন অফিশিয়াল (ইউও) নোটে সিইসি বৃহস্পতিবার তাঁর অসন্তুষ্টির কথা জানান।

সচিবকে লেখা ইউও নোটে সিইসি বলেন, ‘ইটিআইয়ের প্রশিক্ষণের বর্তমান মান সন্তোষজনক নয়। প্রশিক্ষণের পরিমাণগত ও গুণগত উভয় ক্ষেত্রেই ঘাটতি রয়েছে যা দ্রুত সময়ের মধ্যে উন্নত করে আন্তর্জাতিক মানে উন্নয়নের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কী কী বিষয়ে বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আরো কী কী বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন তার বিশদ বর্ণনা করে একটি কার্যপত্র প্রস্তুত করা হোক। পাঠ্যক্রম (curriculum) এবং প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়ন, অন্যান্য প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যোগাযোগ (linkage with other institution) এবং প্রদত্ত প্রশিক্ষণের আন্তর্জাতিক স্বীকৃতি (international certification) এর সম্ভাবনার বিষয়েও কার্যপত্রে উল্লেখ থাকা প্রয়োজন।’

কার্যপত্রটি দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠিয়ে এ বিষয়ে তাদের সুপারিশ চাওয়া এবং এ ব্যাপারে বিশেষজ্ঞদের নিয়ে একটি সভার আয়োজনের কথা বলেন সিইসি।

‘বিষয়টি কমিশনারদের জানানো হয়েছে, তাঁরাও সভায় উপস্থিত থাকবেন। সভাটি ঈদের ছুটির পর আয়োজন করা যেতে পারে। তার আগে সচিব, ডিজি, ইটিআই ও অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে কার্যপত্রটি প্রস্তুত করার ব্যবস্থা নেবেন’ যোগ করেন সিইসি।

তবে ইটিআইয়ের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসির একাধিক কর্মকর্তা বলেন, ইটিআইয়ে প্রশিক্ষণের নামে মহালুটপাট চলছে। যা দেখার কেউ নেই। ওখানে যার যার স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। কমিশনের কেউ ওখানে গেলেও তাঁরা প্রশিক্ষণে অংশ নেন শুধু টাকার জন্য। সেখানে জবাবদিহি করারও কেউ নেই।

নোটে ইটিআইয়ের নতুন ভবন সম্পর্কে সিইসি বলেন, ‘ইটিআইয়ের জন্য ভবন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত ভবনের কাজ সমাপ্ত করে ওই ভবনে ইটিআইকে স্থানানান্তরিত করা আশু প্রয়োজন। সচিব এবং প্রকল্প পরিচালককে এ বিষয়ে আগেও তাগাদা দেওয়া হয়েছে। প্রকল্প পরিচালক ৩০ সেপ্টেম্বরের মধ্যে ভবনের দখল ইটিআইকে দিতে পারবেন বলে জানিয়েছেন। সেপ্টেম্বরের মাঝামাঝি তা এগিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হোক। কোনো ক্রমেই এটা সেপ্টেম্বর ৩০ অতিক্রম না করে সেদিকে এখন থেকেই নজর রাখবেন।’

রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউণ্ডেশন ভবনের পাশে ইসির নিজস্ব ভবন নির্মাণ হচ্ছে। ইলেকশন রিসোর্স সেন্টার (ইআরসি) নামক দুটি অংশে নির্মাণাধীন ভবনের একটি অংশের ভবনে থাকবে নির্বাচন কমিশন বাংলাদেশ (ইসিবি) এবং অন্য অংশের ভবনে থাকবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই)।

  1. নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ১৯৯৫ সালের জানুয়ারি থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন একটি প্রকল্প হিসেবে কাজ শুরু করে।