বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ঘটনা সারাবিশ্বের জন্যই উদ্বেগের : মার্কিন অ্যাটর্নি জেনারেল

2016_06_15_14_09_15_SLqRPrhYiJrMuPkJh2Eezoj9xRxO8t_originalনিউজ ডেস্ক : আমেরিকার অ্যাটর্নি জেনারেল প্রিত ভারারা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা আন্তর্জাতিক লেনদেনে বিশেষ কোনো প্রভাব ফেলবে না। তবে দুঃসাহসিক এ চুরি অনান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে বলেও মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এ আইন কর্মকর্তা।

মঙ্গলবার (১৪ জুন) দেশটির প্রভাবশালি অর্থনৈতিক সংবাদপত্র ওয়ালস্ট্রিট জার্নাল আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রিত ভারারা বলেন, ‘অজানা, অচেনা লোকেরা সুদুরে বসে নির্বিঘ্নে ব্যাংক থেকে বিপুল অংকের টাকা তুলে নিতে সক্ষম হচ্ছে। এ সংবাদ সাধারণ মানুষের কাছে অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয়। এ চুরি বিশ্ব আর্থিক ব্যবস্থাপনায় শুধুমাত্র সমস্যা নয়, বড় ধরনের হুমকিও।’

সুইফটের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ওই প্রতিষ্ঠানের প্রযুক্তি বিশ্বাসযোগ্যতা থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রিত ভারারা বলেন, ‘বিশেষ কোনো প্রতিষ্ঠানের উপর বিশ্বাস হারানোর কোনো কারণ নেই।’

দুর্বৃত্তরা চাইলেই সুইফটের ম্যাসেজিংয়ের এ পদ্ধতি ব্যবহার করে টাকা তুলে নিতে সক্ষম হবে এমন দুর্ভাবনার কোনো কারন নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ১১ হাজারেরও বেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অর্থ লেনদেনে সুইফট ম্যাসেজিং সিস্টেম ব্যবহার করছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ভুয়া আদেশে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয়ার ঘটনা এবার যৌথভাবে তদন্ত শুরু করেছে আমেরিকার অ্যাটর্নি জেনারেল অফিস ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এ নিয়ে তদন্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি কমিটি। একই ঘটনা তদন্ত করে ফিলিপাইন সিনেটের অর্থ সংক্রান্ত কমিটিও।

বিশ্ব আলোড়িত এ রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ সরকার গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্টে সুইফটের ম্যাসেজিং সিস্টেমে দুর্বলতা ছিল বলে উল্লেখ করেছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে ৩-সদস্যের কমিটির ওই কমিটি তাদের রিপোর্টে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ককে আংশিক দায় দিয়েছে। অবশ্য মার্কিন তদন্ত সংস্থার কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছিল যে, দুঃসাহসিক এ চুরিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কারো কারো যোগসাশজ থাকতে পারে।

সুইফট কোর্ড ব্যবহার করে এ পর্যন্ত বিশ্বের তিন দেশের চার ব্যাংক থেকে টাকা তুলে নেয়ার ঘটনা জানাজানি হয়। ২০১৩ সালের জানুয়ারি মাসে ইকুয়েডরের বাংকো দেল অসট্রো, ২০১৩ সালে বাংলাদেশের সোনালী ব্যাংক, ২০১৪ সালে ডিসেম্বরে ভিয়েতনামের থেইন হং ব্যাংক, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক খেকে বিপুল অংকের টাকা তুলে নেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে সুইফট সিস্টেমে ভুয়া নির্দেশনা পাঠিয়ে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা। এর ৮১ মিলিয়ন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখার ক্যাসিনো জাংকেট কিম অংয়ের অ্যাকাউন্টে। পরে ওই অ্যাকাউন্ট থেকে চলে আরো চার ব্যবসায়ীর অ্যাকাউন্টে।

বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় শ্রীলংকার সেচ্ছাসেবী সংগঠন শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে। প্রাপকের নামের বানানে ভুল থাকায় ওই টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্মকর্তারা। পরে সেটি ফিরিয়েও আনা হয়। বাংলামেইল