বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন রবিবার

9ca23af1510f2c996b518994e4cfabe0-56f63fa8aa6daকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আগামীকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমের কাছে হস্তান্তর করা হবে।

তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা শনিবার এ তথ্য জানিয়েছেন।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে তনুর পূর্ণাঙ্গ ডিএনএ প্রতিবেদন কুমিল্লা সিআইডি কার্যালয় থেকে কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দুপুরে কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা তনুর ময়নাতদন্ত করেন। গত ৪ এপ্রিল প্রকাশ করা এ ময়নাতদন্তের প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ বা ধর্ষণের আলামত উল্লেখ ছিল না। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগেই গত ২৮ মার্চ পুলিশ কবর থেকে তনুর লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের জন্য কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করে। আদালতের নির্দেশে লাশ দাফনের ৯ দিন পর ৩০ মার্চ কবর থেকে তনুর লাশ তোলা হয়।