চামড়া রপ্তানি গার্মেন্টসকে ছাড়িয়ে যাবে
নিজস্ব প্রতিবেদক : চামড়া রপ্তানি আগামীতে গার্মেন্ট পণ্যকে ছাড়িয়ে যাবে বলে আশা করছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) ‘সরকার ও নিয়ন্ত্রকদের নীতি নির্ধারণে সহায়তার ক্ষেত্রে অ্যাক্রিডাইটেশন একটি বৈশ্বিক হাতিয়ার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘পরিবেশ দূষণ এবং যথাযথ মানের অভাবসহ বিভিন্ন কারণে বিদেশিরা আমাদের চামড়া কিনতে চাচ্ছে না। সাভারে চামড়া শিল্প স্থানান্তরের ফলে আমাদের চামড়ার মান নিশ্চিত হবে। ফলে আগমীতে রপ্তানি খাতে চামড়া শিল্প গার্মেন্টকে ছাড়িয়ে যাবে।’
বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, ‘এ্যাক্রোডাইটেশন বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত নতুন ধারণা। এ্যাক্রোডাইটেশন হচ্ছে তৃতীয় পক্ষের মাধ্যমে গুনগত মান সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার একটা বিশ্বস্বীকৃত পন্থা।’
আমু বলেন, ‘বিশ্ব বাণিজ্যে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটাতে শুধুমাত্র এ্যাক্রোডাইটেশন সনদ প্রদানের যোগ্যতা অর্জন যথেষ্ট নয় এর পাশাপাশি ইস্যুকৃত মান সনদের বিষয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে আস্থা ধরে রাখা প্রয়োজন। সেলক্ষ্যে, সরকারি- বেসরকারি উদ্যোগে এ্যাক্রেডাইটেড ল্যাবরেটরি স্থাপন, মান সনদ প্রদানকারী গবেষণাগারের গুণগতমানের বিষয়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে।’
সেমিনারে ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট হোসেন খালেদ বলেন, ‘অ্যাক্রেডাইটেশন এমন একটি টুলস যা শুধুমাত্র পণ্যের মান উন্নয়নে ব্যবহৃত হয় না। এটি সরকারের আইন প্রণয়ন, পরিবেশ সুরক্ষা, জননিরাপত্তা, প্রতারণা প্রতিরোধ, ন্যায্য বাজার, জন সাধারণের আস্থা স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণ, মূল্যায়ন এবং ব্যবহার উৎসাহিত করে ব্যবসায় উৎপাদশীলতা, কর্মক্ষমতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে।’
এ্যাক্রেডাইটেশন বোর্ড এ পযর্ন্ত ৪৭ টি প্রতিষ্ঠানকে মান সনদ দিয়েছে। আজ অনুষ্ঠানে কিউটেক্স সলিউশন লিমিটেডসহ ৫ টি প্রতিষ্ঠানকে এ্যাক্রেডাইটেশন সনদ প্রদান করা হয়।
সেমিনারে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ অ্যাক্রেডাইটেশন বোর্ডের মহাপরিচালক আবু আবদুল্লাহ, পরিচালক ডেভিড পল খন্দকার স্বপন, অধ্যাপক ড. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।











